জরিমানা একটি আশীর্বাদ না অভিশাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সোনালী ব্যাংক ইউকে শাখাকে নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ছয় মাসের (২৪ সপ্তাহ) জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ) বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হয়েছে সোনালী ব্যাংক ইউকে। এ জন্য ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। এই ঘটনায় স্ব স্ব ক্ষেত্রে বিশিষ্টজনেরা রস+আলোর কাছে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

যুক্তরাজ্যের সোনালী ব্যাংককে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করায় পুরো দেশবাসীর সঙ্গে আমিও অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। সোনালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের মানুষের সেবা করতে করতে এখন বাইরের দেশে সেবা করতে গিয়েছে। কিন্তু বাইরের মানুষজন তাদের সেবার ধরনটা বুঝতে পারেনি। তাই ফট করে জরিমানা করে দিয়েছে, তাও আবার মানিলন্ডারিং প্রতিরোধের মতো তুচ্ছ একটি বিষয়ে! অথচ সারা বিশ্বের মানুষ এখন মানিলন্ডারিংকে স্বাগত জানাচ্ছে। মানিলন্ডারিংকে একটি শিল্প হিসেবে ঘোষণা দেওয়াটা এখন সবার প্রাণের দাবি। এই বাস্তবতায় ইউকের এমন সিদ্ধান্ত হাস্যকর ছাড়া কিছু নয়। যেখানে চার হাজার কোটি টাকা আমাদের দেশের মন্ত্রীর কাছে ‘মাত্র’, সেখানে ৩৩ লাখ পাউন্ড মানে প্রায় ৩২ কোটি টাকা তো মোয়া কেনার টাকা! এ ঘটনা প্রমাণ করে, বাংলাদেশ যে এখন উন্নয়নের আইফেল টাওয়ার হয়ে আছে, সে খবর বাইরের কেউ রাখে না। না রাখুক, আমরা আমাদের কার্যক্রম বীরদর্পে চালিয়ে যাব। দরকার হলে ৩৩ লাখ পাউন্ডের বদলে ৩৩ কোটি টাকা দেব। দেখি, ওরা আমাদের কত জরিমানা করতে পারে। জরিমানা করে কেউ কখনো বাঙালির সৃজনশীলতা আটকে রাখতে পারেনি, কোনো দিন পারবেও না।

ধলা মিয়া

সভাপতি, বাংলাদেশ মানিলন্ডারিং উৎসাহীকরণ কমিটি

সোনালী ব্যাংকের ইউকে শাখাকে জরিমানা করা সন্দেহাতীতভাবে একটি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। সোনালী ব্যাংক আমাদের দেশের একটি সোনালী ব্যাংক। তারা খুব দক্ষতার সঙ্গে দেশের জনগণের সেবা করে যাচ্ছে। এই ব্যাংকে আমার নিজের অ্যাকাউন্ট আছে চার-পাঁচটার মতো। কিছুদিন পরপর এই অ্যাকাউন্টগুলোতে বেশ ভালো পরিমাণে টাকা জমা হয়। এত টাকা কীভাবে আসে, কোত্থেকে আসে, তা আমি জানি না। জনগণের জন্য কাজ করি, হয়তো তারাই ভালোবেসে আমার অ্যাকাউন্টগুলোতে টাকা জমা দেয়। কিন্তু সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপার হলো, সোনালী ব্যাংকে কিন্তু আমার টাকার নয়-ছয় হয় না। তারা খুব সাবধানে হিসাবনিকাশ করে। কিন্তু এত সাবধানে কাজ করার পরও ব্রিটিশরা তাদের জরিমানা করে দিল! এতেই প্রমাণ হয় যে ব্রিটিশরা আজও আমাদের ভালো চায় না। তারা যে দুই শ বছর আমাদের দেশে এসে লুটেপুটে নিয়ে গেল, তখন কোথায় ছিল এই মানিলন্ডারিং আইন? কোথায় ছিল সুশীল সমাজ? জানি, এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই, আমার কাছেও নেই। তবে জরিমানা যখন হয়েছে, তখন সেটা দিতে হবে। আমরা দেব, ৩৩ লাখ পাউন্ডই দেব। দরকার হলে আগামীকাল থেকে আমার এলাকার প্রতিটি ঘর, প্রতিটি মানুষের কাছ থেকে চাঁদা তোলা শুরু করব। এ জন্য আমি একটি কর্মসূচিও ঠিক করে ফেলেছি। এই কর্মসূচির মাধ্যমে জরিমানার অর্থ প্রদান করব, তবু দেশের সম্মান লুণ্ঠিত হতে দেব না কোনোভাবেই।

চান্দা শিকদার

সরকারি দলের ঘনিষ্ঠ নেতা, ঢাকা

যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি যে সোনালী ব্যাংককে জরিমানা করবে সেটা আমি আরও পাঁচ বছর আগে একটি নিবন্ধে লিখেছিলাম। কিন্তু সেই লেখাটা কয়েক দিন ধরে খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি মনে হয়। তবে লেখা হারিয়ে ফেললেও আমি অতৃপ্ত নই, কারণ, আমার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সঠিক হয়েছে।

বাঙালি জাতির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। পদে পদে তাদের সামনে বিপদ, শিহরণ আর হারিয়ে যাওয়ার হাতছানি। জাতির এই দুর্দশার অন্যতম কারণ হচ্ছে তারা জ্ঞানী লোকের কথা শোনে না, সারাক্ষণ কানে ইয়ারফোন গুঁজে রাখে। ইয়ারফোন কানে গুঁজে রাখার কারণে কখন যে পেছন থেকে অতিকায় ট্রেন এসে পড়েছে, সেটা তারা টের পায়নি। যখন টের পেয়েছে, তখন শুরু করেছে হইচই। কিন্তু হইচই করে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমাদের ভাবতে হবে সামনে কি করণীয় আছে। তবে যে সে লোক ভাবলে চলবে না, একমাত্র জ্ঞানী ও বুদ্ধিমান লোকদেরকেই ভাবতে হবে।

সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাই—আপনারা সঠিক ব্যক্তির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিন। এবং আমার মতো আরও দু-তিনজন বুদ্ধিজীবীকে ইউকে গিয়ে অবস্থা পর্যবেক্ষণের জন্য একটা সঠিক পরিকল্পনা প্রণয়ন করুন। দেখবেন, অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

ড. গোপাল ভাঁড়

বিশেষজ্ঞ, এমসিপিএইচ, ডিজিটিপি, সিসিভিটি