জলকন্যার বেশে

‘পানির নিচে এক অদ্ভুত জগৎ! সেখানে ভেসে বেড়াচ্ছিলাম আমি। আমার চারদিকে ছোট ছোট মাছ। কখনো সামনে, কখনো পেছন পেছন দল বেঁধে সাঁতার কাটছিল। একসময় সব মাছ আমার চারদিক ঘিরে ধরেছিল চাদরের মতো। আমি যেমন এদের অবাক হয়ে দেখছিলাম, এরাও আমাকে দেখছিল। বোধ হয় ভাবছিল, কী এক আজব অতিথি এল আমাদের দেশে!’ মুঠোফোনের এপ্রান্ত থেকেও সায়িদা ফাতমীর কণ্ঠস্বরের রোমাঞ্চটা বেশ টের পাওয়া যাচ্ছিল। তিনি বলছিলেন পানির নিচের এক অন্য জগতের কথা।
পাঠক, হয়তো ভাবছেন, সায়িদা ফাতমী ঘুমের ঘোরে দেখা কোনো স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। মনে হতে পারে চট্টগ্রামের বাসিন্দা, চাকরিজীবী মেয়েটি হয়তো টেলিভিশনের সামনে বসে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলেন। না। স্বপ্ন নয়, সায়িদা ফাতমী কথাগুলো বলছিলেন তাঁর অভিজ্ঞতা থেকে।
ডাইভিং—কখনো শখ, কখনো নেশা, কখনো বা পেশা। জলের অতল ঘুরে দেখার হেতু যা-ই হোক, কাজটা নিঃসন্দেহে রোমাঞ্চকর! সমাজের অন্য চোখ, সুযোগের অভাব কিংবা কাজের চাপের কথা ভেবে অনেক মেয়েই হয়তো এই রোমাঞ্চ চোখে দেখার স্বপ্নে ইস্তফা দিয়েছেন। জেনে নিন, সায়িদা ফাতমী কিংবা রোখসানা বিনয়ার মতো কেউ কেউ ইতিমধ্যেই সে স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন!
রোখসানা বিনয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি থিয়েটারে কাজ করেন। ২০০৭ সালের কথা, প্রথম ডাইভিংয়ের সঙ্গে পরিচয় হয় তাঁর। কীভাবে? শুনুন তাঁর মুখেই, ‘আমাদের থিয়েটারে মজীবুর রহমান ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল। ভাইয়া নেভিতে ছিলেন। ডাইভিং করতেন, আমাদের পানির নিচের গল্প শোনাতেন। তাঁর কাছে শুনেই খুব আগ্রহ হতো। একবার ভাইয়ারা একটা ক্যাম্প করছিলেন। তাঁদের মাধ্যমেই প্রথম ডাইভিং করি মিরপুর বেড়িবাঁধের ওখানে। আমি আর বান্ধবী এলিন একসঙ্গে গিয়েছিলাম। সেখানেই আমাদের প্রশিক্ষণ শুরু হয়।’ ডাইভিংয়ের মজাটা সে যাত্রা পুরোপুরি পাননি বিনয়া। বেড়িবাঁধের পানি স্বচ্ছ নয়, পানির নিচের রূপও ঠিক ‘অপরূপ’ নয়। হূৎস্পন্দন বেড়ে যাওয়ার মতো সৌন্দর্য তিনি দেখেছেন সেন্ট মার্টিনে। ২০০৮ সাল। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সায়িদার মতোই রোমাঞ্চিত তিনি! ‘সেবারও মজীবুর রহমান ভাইদের সঙ্গেই গিয়েছিলাম। পানিতে নেমে আমি অবাক! স্থলে যেমন আমাদের একটা জগৎ আছে, পানির নিচেও কিন্তু সে রকম। সেখানে মাছের ঘরবাড়ি আছে। আর এত প্রজাতির ফুল!’ সেন্ট মার্টিনে জলের রহস্য আর কখনো খোঁজা হয়নি বিনয়ার। অপেক্ষায় আছেন, আবার কবে সুযোগ হবে।

সায়িদা ফাতমী সেদিক থেকে সৌভাগ্যবতী। প্রায় প্রতিবছরই টুপ করে ঘুরে আসছেন জল-অতলের অপার সৌন্দর্যে। অন্য ডুবুরিদের সঙ্গে দল বেঁধে সেন্ট মার্টিনে সাগরতলের ময়লা অপসারণের কাজও করছেন। তিনি বলেন, ‘আমাদের দলে আমি ছাড়া আর কোনো মেয়ে নেই। খুব খুশি হব, যদি আগ্রহ নিয়ে আরও অনেকে যোগ দেয়। শুধু নিজের আশপাশটা জানলেই তো হবে না। আকাশে কী হচ্ছে, পানির নিচে কী হচ্ছে—সবই দেখতে হবে।’ সায়িদা জানান, চাইলে তাঁর মতো করে ওশানিক স্কুবা ডাইভিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ডাইভিং শিখে নেওয়া যাবে।
কথা হলো ওশানিক স্কুবা ডাইভিং সেন্টারের প্রশিক্ষক এস এম আতিকুর রহমানের সঙ্গে। স্কুবা ডাইভিং শেখাকে উৎসাহী করলেন তিনি। তিনি জানান, অ্যাডভেঞ্চারের মজা তো আছেই। তা ছাড়া স্কুবা ডাইভিং শিখে নিলে দেশে-বিদেশে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। সমুদ্র-সম্পর্কিত পড়ালেখা, আলোকচিত্রের কাজেও স্কুবা ডাইভিং বেশ উপকারী।
ওশানিক স্কুবা ডাইভিং সেন্টারে ডাইভিং শিখতে খরচ পড়বে ২২ হাজার টাকা। যোগাযোগ: [email protected]