জলবায়ু সংকট মোকাবিলা করতে পারে আইসিটি
দেশে দেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ফলপ্রসূ, দীর্ঘস্থায়ী এবং কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ জন্য জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত মূলধারার কাজে তথ্যপ্রযুক্তিকে যথাযথভাবে যুক্ত করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন-সংক্রান্ত দুই দিনের এক আন্তর্জাতিক কর্মশালার শেষ দিনে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে এ কর্মশালার আয়োজন করেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যেসব নীতিমালা এবং আইন প্রণীত হচ্ছে, তাতে তথ্যপ্রযুক্তির সুফল গ্রহণ করা সব দেশের প্রয়োজন। এ জন্য তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয়সাধন খুবই জরুরি বলে মন্তব্য করা হয় কর্মশালায়। কর্মশালায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন—আইটিইউর পক্ষ থেকে জানানো হয়, কেবল মোবাইল ফোনের জন্য সর্বজনীন চার্জার তৈরি করা গেলে বিশ্বে বছরে এক কোটি ৩০ লাখ টন কার্বন-ডাইঅক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে। কর্মশালার দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা দেশে দেশে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কাজের ক্ষেত্রে কার্যকরী সমন্বয়ের ওপর জোর দেন। তা ছাড়া ভুক্তভোগী দেশগুলো বৈশ্বিক ফোরামে নিজেদের দাবি যথাযথভাবে তুলে ধরতে সক্ষম না হলে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ১০ হাজার কোটি ডলারের তহবিল অনিশ্চিত হয়ে যাবে। তবে, বৈশ্বিক তহবিলের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে স্থানীয়ভাবে এখন থেকেই উদ্যোগ নেওয়ার জন্য আলোচকেরা সুপারিশ করেন। কর্মশালার পরিচালক ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিকস মনে করেন, কেবল জ্ঞান বিনিময়েই এ কর্মশালা সীমাবদ্ধ ছিল না। বরং অংশগ্রহণকারীরা নিজেদের আশু ও দীর্ঘ করণীয়গুলো নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। সেই অর্থে এটিকে তিনি একটি সফল কর্মশালা মনে করেন। এপিসি ও আইডিআরসির সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের আইসিটি ও জলবায়ু বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা অংশ নেন। —মুনির হাসান, জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা) থেকে