জলবায়ুর পরিবর্তন রোধে আইসিটির ভূমিকা অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে জলবায়ুর ব্যাপারে নানা ধরনের আলোচনা চলছে। আলোচিত এ বিষয়টি নিয়ে বর্তমানে নানা ধরনের কার্যক্রম হচ্ছে এবং এ পরিবর্তন রোধে তথ্যপ্রযুক্তির রয়েছে বিশেষভূমিকা। গতকাল খুলনায় ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তথ্য বিজ্ঞান প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এক সেমিনার বক্তারা এসব কথা বলেন। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প আয়োজিত সেমিনারে জলবায়ু পরিবর্তন এবং তথ্য বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা এবং বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের উপর গবেষণাপত্র পড়েন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা আক্তার। তিনি তাঁর উপস্থাপনায় জলবায়ু পরিবর্তনের রোধে তথ্যপ্রযুক্তির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মিহিরকান্তি মজুমদার বলেন, এ ধরনের গবেষণার বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে আলোচিত জলবায়ু পরিবর্তন রোধে তথ্যপ্রযুক্তির ভূমিকা অনেক। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধের ক্ষেত্রে বিভিন্ন কাজ করা সম্ভব। সরকার বিশেষভাবে এ বিষয়ে কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এ প্রবন্ধের মূল বিষয়গুলো সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সেমিনারে বক্তব্য দেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আলমগীর, নবলোকের প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মনিরুজ্জামান, আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের নির্বাহী পরিচালক রেজা সেলিম, খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খানসহ অনেকে। সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক গোলাম মোর্তুজা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন রোধে আইসিটির নানা কার্যক্রম আরও বেশি করে করতে হবে। পাশাপাশি এ বিষয়টি সারা দেশে ছড়িয়ে দিতে হবে, যাতে করে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পায়। এ ধরনের গবেষণা আরও বেশি হওয়ার প্রতি আহ্বান জানানো হয়। সেমিনারে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে যেতে পারে তা নিয়ে গবেষণার কাজ চলছে।—নিজস্ব প্রতিবেদক, খুলনা