জলবৎ ছিঃরিয়ালং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অফিস থেকে বেরিয়েই নসিব সাহেব পড়লেন গরমের খপ্পরে। যেন তাকে গিলে নিল এক ঝলক আগুনের হলকা। চারদিকে খাঁ খাঁ গরমে পুড়ে যাচ্ছে! মাছবাজারগুলো শুঁটকির আড়ত হয়ে যাওয়ার মতো অবস্থা। সামনেই এক ডাবওয়ালা ভ্যানের ওপর ডাব বিক্রি করছিল। নসিব সাহেব এগিয়ে গিয়ে ডাব কেটে দিতে বললেন ডাবওয়ালাকে। ডাবওয়ালা মুখ ব্যাজার করে বলল, ‘ডাব লিবেন লন ছার। ভিত্রে শাঁস পাইবেন, তয় পানি পাইবেন না, আগেই কইয়া থুইলাম!’
নসিব সাহেব সরু চোখে চেয়ে বললেন, ‘কেন? পানি কি পেট্রলবোমা ফুটাইতে গেছে?’ ডাবওয়ালা হতাশ কণ্ঠে বলল, ‘যা গরম পড়তাছে, তাতে ডাবের ভিত্রের পানিও হুকাইয়া গেছে, ছার! বেবাকডি হাপুস!’
ডাবের ঠান্ডা পানিতে গলা ঠান্ডা করা হলো না নসিব সাহেবের। ক্ষুণ্ন মনে ডাব না কিনেই এগিয়ে গেলেন ফুটপাত ধরে। কিছু দূর যাওয়ার পর একটি পুকুর পড়ল। বেশ গভীর পুকুরটা, অভিমানী কিশোরীর চোখের মতো পানি টলমল করে সেখানে, দেখতে বেশ লাগে! নসিব সাহেব পুকুরের কাছে যেতেই দেখতে পেলেন, পুকুরপাড়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে লাইন ধরে। এ ওর পেছন থেকে মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করছে আর হইচই করে কী সব বলাবলি করছে। আরেকটু এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করে ঘটনার বৃত্তান্ত জেনে নিলেন নসিব সাহেব। ঘটনা হয়েছে কী, সামনের পুকুরটাতে সকালেও টলমল পানিতে ভরপুর ছিল। প্রচণ্ড গরমে হুট করেই উবে গেছে সব পানি! হালকা করে একটা নিঃশ্বাস ছেড়ে ভিড় ছাড়িয়ে বাড়ির দিকে হাঁটা ধরলেন নসিব সাহেব।
আরেকটু দূরে একটা কাককে দেখলেন নুড়ি দিয়ে ফুটবল খেলছে। নসিব সাহেব ভাবলেন, এই কাক কি তবে ব্রাজিলিয়ান কাক? নুড়ি দিয়ে ফুটবল খেলছে কেন সে? অবাক ব্যাপার! ব্রাজিলিয়ানরা টয়লেটের টিস্যু পেপারের রোলটাকেও ফুটবল বানাতে ছাড়ে না। এই কাকটাও মনে হচ্ছে সেই গোত্রের! কাকটাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ইয়ে, এই যে কাক ভায়া, আপনি নুড়ি দিয়ে ফুটবল খেলছেন যে? আপনার আদি নিবাস কি ব্রাজিল?’
কাকটা ঠোঁট বাঁকিয়ে বিচ্ছিরি একটা ভঙ্গি করে বলল, ‘হুর মিয়া, কী সব আবোলতাবোল বকতাছেন! গরমে মাথা আউলাইছেনি? আপনি ঈশপের গল্পের সেই তৃষ্ণার্ত কাকের গল্পটা পড়েন নাই? যে কিনা একটা কলসির তলানিতে জমে থাকা একটুখানি পানি পান করার জন্য কলসির ভেতর নুড়ি ফেলে পানি ঠোঁটের নাগালে আনছিল? আমিই সেই গল্পের কাক, কলসি থেকে পানি ওঠানোর জন্য গন্ডা গন্ডা নুড়ি জোগাড় করছি। কিন্তু এই গরমে পুকুরের পানিই শুকায় গেছে, কলসি তো নস্যি! পানি নাই পানি নাই...বিপদ আসন্ন!’
কাকের কথায় সেই জগদ্বিখ্যাত গল্পটার কথা মনে পড়ে গেল নসিব সাহেবের। বার কতক হু হা করে সামনে হাঁটা দিলেন। পথের কিছুটা সামনেই ছিল একটা ডিমের দোকান। বেশ ভালো ডিমই পাওয়া যায় সেখানে। দোকানটার কাছাকাছি পৌঁছাতেই নসিব সাহেব কিচ কিচ কিচ আওয়াজ শুনলেন। দোকানের সামনে পৌঁছাতেই দেখলেন, সদ্য জন্ম নেওয়া কতগুলো হাঁস-মুরগির বাচ্চা দিব্যি হেসেখেলে লম্প-ঝম্ফ করছে!
‘কী হে রহিম বকশো,’ দোকানের মালিকের উদ্দেশে হাঁক দিলেন নসিব সাহেব, ‘ডিম ছেড়ে ছানাপোনার ব্যবসা ধরলে নাকি হে?’
ফ্যাচফ্যাচ করে হাসি দিয়ে রহিম বকশো বলল, ‘আর কইয়েন না, মিয়া ভাই! রাইতে রাখছিলাম আন্ডা আর সক্কালে আইসা দেহি গরমের ঠ্যালায় বাচ্চা হয়া গেছে! এহন তো ডাবলের ডাবল দাম পামু!’
সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালেন না নসিব সাহেব। পথে তেমন কোনো পানি কিংবা গরমবিষয়ক প্যানপ্যানানিতে না পড়েই বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন তিনি। গিয়েই থমকে দাঁড়ালেন। তার বাড়ির দরজার নিচ দিয়ে গড়িয়ে পানি বের হচ্ছে! সারা দেশে পানির অভাব, আর তার নিজের বাড়ির দরজার নিচ দিয়ে পানি গড়িয়ে পড়ছে! ব্যাপারাটাতে প্রচণ্ড ধাক্কা খেলেন নসিব সাহেব। বাসায় ফিরে কলবেল চেপে দরজা খোলার জন্য যাতে তাকে অপেক্ষা করতে না হয়, সে জন্য তার পকেটে সব সময় অতিরিক্ত চাবি থাকে। সেই চাবি বের করে দরজার লকটা খুলে ফেললেন তিনি। তারপর দরজা খুলে ঢুকে পড়লেন ঘরের ভেতরে। ছপাত! ঘরে ঢুকেই গোড়ালি–ডোবা পানির ওপর নিজেকে আবিষ্কার করলেন নসিব সাহেব। ভ্রুজোড়া প্রচণ্ড রকম কুঁচকে গেল তার! পানি! এই আকালে পানি! তা–ও এত পরিমাণে! এল কোত্থেকে? ভেতরে না গেলে রহস্যের সমাধান হবে না! দুই হাতে প্যান্ট উঁচিয়ে ছপাত ছপাত শব্দে পা ফেলে এগিয়ে গেলেন নসিব সাহেব। যতই ভেতর দিকে পা চালান, পানির পরিমাণ ততই বাড়ে। একসময় ড্রয়িংরুমে পা রাখলেন নসিব সাহেব এবং পা রেখেই পানির রহস্য জলের মতো সহজ হয়ে গেল তার কাছে! টিভিতে ভারতীয় চ্যানেলের সিরিয়াল চলছে। খুব করুণ একটা দৃশ্য চলছে তখন। না কেঁদে পারা যায়?