জাকারবার্গের জন্য উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ১৬ বিলিয়ন ডলারের আইপিও ছাড়ার মাধ্যমে পাবলিক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে আইপিও ছাড়ার হিসাবে এটি একটি রেকর্ড। এ ঘটনায় জাকারবার্গ একটি উপহার আশা করতেই পারেন। কিন্তু কী সেই উপহার? জাকারবার্গের জন্য উপহার হিসেবে কেনা হয়েছে ‘কারমা’ নামে উপহার সেবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন। আইফোন ও অ্যান্ড্রয়েডের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহারকারী চাইলে কোনো ভারচুয়াল উপহার কিনে তাঁর বন্ধুকে দিতে পারবেন। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, ‘কারমা’ প্রতিষ্ঠাতা লি লেনডেন ও বেন লিউইস শুক্রবার ফেসবুকের সঙ্গে তাঁদের চুক্তির তথ্য জানিয়েছেন।সম্প্রতি ব্যবহারকারীদের জন্য সেবা উন্নত করতে নতুন বেশ কিছু অ্যাপ্লিকেশন কিনেছে ফেসবুক। ইনস্টাগ্রাম, গোয়ালা ও গ্যালান্সের পর এবার যোগ হলো ‘কারমা’। অবশ্য এ অ্যাপ্লিকেশনটি কিনতে ফেসবুকের কত খরচ হয়েছে, সে বিষয়ে মুখ খোলেনি ফেসবুক ও কারমা কোনো পক্ষই।উল্লেখ্য, আইপিও ছাড়ার আগে জাকারবার্গ মোবাইলে ফেসবুকের ব্যবহার বিষয়ে নজর দেওয়ার কথা জানিয়েছিলেন।এদিকে ১৯ মে শনিবার দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানের সঙ্গে বিয়ে করেছেন জাকারবার্গ। বিয়েতে নিজের নকশা করা রুবির একটি আংটি পরিয়েছেন প্রিসিলা চ্যানকে। আইপিও ছাড়া এবং বিয়ের সময় ভারচুয়াল উপহার অ্যাপ্লিকেশন ‘কারমা’ কিনে নেওয়ার বিষয়টি জাকারবার্গ ও ফেসবুকের জন্য দারুণ একটি উপহার হতে পারে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।