জাকারবার্গের দৃষ্টি আকর্ষণের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

প্যালেস্টাইনের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ খলিল শেরাত মার্ক জাকারবার্গের ফেসবুক পাতা হ্যাক করে সেখানে মন্তব্য পোস্ট করে প্রমাণ করেছেন যে সাইটটির নিরাপত্তা দুর্বল। এর আগে ফেসবুকে নিরাপত্তা ত্রুটির কথা জানালেও তাঁকে ফেসবুক কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। নিজেকে প্রমাণ করতে খলিল শেরাত জাকারবার্গের ফেসবুক ওয়ালটিকেই বেছে নেন এবং সেখানে জাকারবার্গকে নিরাপত্তা ত্রুটি প্রমাণ করে একটি পোস্টও লিখেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট।
ফেসবুকের কার্যপ্রণালী সম্পর্কে প্রচলিত ধারণা হচ্ছে যে, আপনি যদি কারও বন্ধু না হয়ে থাকেন তবে তার ফেসবুকের দেয়ালে কিছু লিখতে পারবেন না। খলিল শেরাত তাঁর হ্যাকিং দক্ষতার সাহায্যে এ তত্বটিকে ভুল প্রমাণ করেছেন।
এ প্রসঙ্গে খলিল শেরাত জানিয়েছেন, শুরু থেকেই ফেসবুক কর্তৃপক্ষকে নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। একাধিক বার্তা পাঠালেও ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। ফেসবুক কর্তৃপক্ষ বরং এটি বাগ বা সফটওয়্যার জনিত কোনো ত্রুটি নয় বলেই জানিয়েছিল। তাই ফেসবুকের নিরাপত্তা ত্রুটি দেখাতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের পেজটি হ্যাক করা ছাড়া আর পথ খোলা ছিল না।

খলিল শেরাত আরও জানিয়েছেন, জাকারবার্গের পেজ হ্যাক করে বার্তা লিখে দেওয়ার পর দ্রুত ফেসবুকের প্রকৌশলীরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং ফেসবুকের এই নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ জানায়। তবে, দুর্ভাগ্য যে, দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর বেছে নেওয়া পদ্ধতিটি ফেসবুক কর্তৃপক্ষের পছন্দ হয়নি। ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করায় পুরষ্কার পাওয়ার বদলে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুকের নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে তাকে পুরস্কৃত করা হয়। কিন্তু খলিল যে পদ্ধতিতে তা করেছে তা ফেসবুকের নীতিমালার সঙ্গে সঙ্গতিপুর্ণ নয়। খলিলকে ফেসবুকের আর কোনো ত্রুটি রয়েছে কিনা তা নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে।

কী পদ্ধতিতে জাকারবার্গের ফেসবুক পাতা হ্যাক হয়েছে এবং এই ত্রুটি সমাধান করা হয়েছে কিনা সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।