জাকারবার্গের বিয়ের ইতিবৃত্ত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মে শনিবার বিয়ে করেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যান (২৭)। পারিবারিক এই বিয়েতে মাত্র ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। নিজের নকশা করা ‘সাধারণ’ একটি রুবির আংটি নববধূর আঙুলে পরিয়েছেন ২৮ বছর বয়সী জাকারবার্গ।১৯ বিলিয়ন ডলারের মালিক জাকারবার্গ তাঁর বিয়েতে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে খাবার আনিয়েছিলেন। খুবই সাদামাটাভাবে বিয়ে করলেন তিনি। কিন্তু এই বিয়ে নিয়ে এত রাখঢাক কেন? তাঁর ৯০ কোটিরও বেশি ফেসবুক-বন্ধুকে নিমন্ত্রণের কথা কীভাবে ভুলে গেলেন তিনি! এক খবরে ফোর্বস জানিয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে এমন হাজারো বার্তা লিখেছেন জাকারবার্গের ভক্তরা।লাখো তরুণীর হূদয় ভেঙে বিয়ে করলেও ফেসবুক ও টুইটারে তাঁদের শুভ কামনা ও ভবিষ্যতে সুন্দর সংসারজীবন কামনা করেছেন ভক্তরা। ফোর্বস আরও জানিয়েছে, বিয়েতে মার্ক ও প্রিসিলা নতুন জীবন শুরু করার আগে ভবিষ্যতে ছাড়াছাড়ি হয়ে গেলে সম্পত্তির অংশ কে কতটুকু পাবেন, সে বিষয়েও নিজ নিজ আইনজীবীর সঙ্গে আলোচনা করে নিয়েছেন। বিয়ের পর দুজনই তাঁদের ফেসবুক স্ট্যাটাস বদলে ‘ইন এ রিলেশনশিপের’ জায়গায় ম্যারেড লিখেছেন। জাকারবার্গ তাঁর প্রোফাইলে বিয়ের একটি ছবি পোস্ট করেছেন। কিন্তু বিয়ের পরের দিন থেকেই তাঁর প্রোফাইলের প্রাইভেসি আরও উন্নত করেছেন। রহস্য? সবাইকে তিনি আর সব তথ্য দিতে চান না।বিয়ের আগে জাকারবার্গ ও প্রিসিলা একসঙ্গে এক বাড়িতেই থাকতেন। ১৮ মে বিয়ে করলেও বিয়ের পরিকল্পনাটি আগে-ভাগেই সেরে রেখেছিলেন তাঁরা। কিন্তু অপেক্ষা করছিলেন উপলক্ষ আর প্রিসিলার চিকিত্সক হওয়ার জন্য। ১৪ মে জাকারবার্গের জন্মদিনে চিকিত্সক হয়েছেন প্রিসিলা। মান্দারিন ভাষায় কথা বলেন প্রিসিলা। ২০০৭ সালে তিনি হার্ভার্ড থেকে স্নাতক হয়েছেন। কিন্তু জাকারবার্গের সঙ্গে তাঁর প্রণয়ের শুরু ২০০৫ সাল থেকে। জাকারবার্গ প্রিসিলার কাছে ফেসবুকে চাকরি করার বিষয়ে আগ্রহী কি না, জানতে চেয়েছিলেন। প্রিসিলা ইতিবাচক উত্তর দিলে দুজনের সম্পর্কের শুরু হয়।তবে বাস্তবে প্রিসিলা কখনই ফেসবুকের জন্য কোনো কাজ করেননি।