জাকারবার্গের ভারত সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ মাসেই ভারতে সফর করবেন। বর্তমানে ভারত ফেসবুকের দ্বিতীয় বৃহৎ​ বাজার। ভারত সফরে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ একাধিক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জাকারবার্গ। ৯ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘ইন্টারনেট অর্গানাইজেশন সামিট’ অনুষ্ঠিত হবে ভারতে। এই অনুষ্ঠানে যোগ দিতেই ভারতে যাবেন জাকারবার্গ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পিটিআই।

ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছেন জাকারবার্গ। এতে ফেসবুকের সঙ্গে রয়েছে এরিকসন, মিডয়াটেক, নকিয়া, অপেরা, কোয়ালকম ও স্যামসাং। ইন্টারনেট অর্গানাইজেশনের উদ্দেশ্য হচ্ছে—কম দামে ইন্টারনেট সুবিধার মোবাইল ফোন গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া।

সম্প্রতি ভারতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আনাগোনা বেড়ে গেছে। এ সপ্তাহে আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, মাইক্রোসফটের সত্য নাদেলা ভারত সফর করেছেন। এবার আসছেন মার্ক জাকারবার্গ। 

এ বছরের জুলাই মাসে ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ভারত সফর করে গেছেন। ইন্টারনেট অর্গানাইজেশন সম্মেলনে প্রযুক্তি বিশেষজ্ঞ, কর্মকর্তা ও ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেবেন। মানুষের কাছে কম খরচে কীভাবে ইন্টারনেট পৌঁছে দেওয়া যায় তা নিয়ে কথা বলবেন তাঁরা।
বর্তমানে ভারতে ১০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। সংগত কারণেই ভারতের বাজারকে গুরুত্ব দিচ্ছে ফেসবুক।