
উদ্যোক্তা ও সমাজসেবক মেলিন্ডা গেটসের জন্ম ১৫ আগস্ট ১৯৬৪। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন। ব্যক্তিজীবনে তিনি মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসের সহধর্মিণী। চলতি বছর ১২ মে ডিউক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এ বক্তব্য দেন মেলিন্ডা।
উপস্থিত সভাপ্রধান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ডিউক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার প্রিয় শিক্ষাঙ্গনে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানজনক যে ডিগ্রিটি আমাকে দেওয়া হচ্ছে, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের সামনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য।
ডিউক বিশ্ববিদ্যালয়ে ১৯৮৬ সালের কথা মনে পড়ছে। আমি ও তোমরা আসলে একই অনুভূতির অংশীদার। সময় কত দ্রুত কেটে যায়! যদিও আমি এখনো নিজেকে ডিউক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাত্ম মনে করি। যাদের সঙ্গে এখানে আমি চার-চারটি বছর পড়াশোনা করেছি, আর সেই সঙ্গে সারা জীবনের জন্য যেসব বন্ধুকে পেয়েছি, তাদের সঙ্গেও এখনো আমি গভীর আত্মিক সম্পর্ক অনুভব করি।
১৯৮২ সালে আমি যখন ডালাসে আমার বাসা ছেড়ে এখানে পড়ার জন্য চলে আসি, মা-বাবা সঙ্গে দিয়ে দিয়েছিলেন অলিম্পাস বি-১২ মডেলের বহনযোগ্য একটি টাইপরাইটার। আমার জন্য এই উপহারটি ছিল ভীষণ চমকপ্রদ। কারণটা ছিল তখনকার সময়ের তুলনায় এর হালকা ওজন, যা ছিল প্রায় ১২ পাউন্ড! তখন কম্পিউটার পাওয়া যেত খুবই অল্পসংখ্যক। ওই সময়ে ব্যক্তিগত কম্পিউটার টাইপরাইটারের জায়গা দখল করে নিচ্ছিল। আমরা যারা তখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, তারা এই বদলে যাওয়াটা সবচেয়ে ভালোভাবে দেখেছি।
বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর যখন আমি মাইক্রোসফটে চাকরিজীবন শুরু করলাম, তখন শুরু হয় একটা নতুন যুগ, সে যুগ যোগাযোগের। আমার সন্তানেরা তোমাদের থেকে হয়তো বা কয়েক বছরের ছোট হবে, কিন্তু তাদের বড় করার সময় আস্তে আস্তে বুঝতে পেরেছি আমাদের প্রজন্ম আর তোমাদের মধ্যে একটিই মাত্র বড় পার্থক্য—তোমাদের একে অন্যের সঙ্গে যোগাযোগের ধরন। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট এই ‘সি’ প্রজন্মকে বিশেষায়িত করেছে এভাবে—এরা সব সময় ‘কানেক্টেড, ‘কমিউনিকেটিং’, ‘কমিউনিটির সঙ্গে সম্পর্কযুক্ত’ এবং অবশ্যই ‘ক্লিকিং’। কিন্তু এত সব যোগাযোগ সত্ত্বেও তোমরা পর্যায়ক্রমে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছো। কারণ, তোমরা বন্ধুদের সঙ্গে সত্যিকারভাবে সময় কাটানোর থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ জোগাড় করতে বেশি ব্যস্ত হয়ে পড়ছ। একটা ভালো খাবার খেয়ে দেখার থেকে সেই খাবারের ছবি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করতে বেশি সাচ্ছন্দ্যবোধ করছ।
তবে আমি মনে করি যারা বলে প্রযুক্তি তোমাদের সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তারা ভুল। এমনকি সেসব মানুষও ভুল, যারা মনে করে প্রযুক্তি তোমাদের আপনা-আপনি কাছাকাছি নিয়ে আসছে। প্রযুক্তি হলো শুধুই শক্তিশালী একটা মাধ্যম, যার মাধ্যমে একে অপরের সঙ্গে সহজভাবে সম্পর্ক তৈরি করা যায়। কিন্তু সত্যিকারের মানুষের একে অন্যের সঙ্গে সম্পর্ক একদম অন্য রকম।
পৃথিবীকে সবার জন্য সম্প্রীতিময় করে তোলার কনসেপ্টটা আসলে কী? তোমাদের মতো সদ্য পাস করে বের হওয়াদের জন্য প্রশ্নটা আসলেই কঠিন।
তুমি নিজের মধ্যেই অন্যদের কীভাবে মূল্যায়ন করবে সেই সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারো। তুমি সবার ভিতরের মানবিকতাকে প্রথমে দেখতে পারো, তাহলে সবাই সবার থকে আলাদা হয়েও একজন আরেকজনের মিলগুলো দেখতে পারবে। তুমি যদি কেবল বিশ্বাস করো, পৃথিবীর ৭০০ কোটি মানুষের তোমার মতো ইচ্ছাশক্তি আছে, শুধু তখনই তুমি পৃথিবীকে সবার জন্য সমান বাসযোগ্য করে গড়ে তুলতে পারবে।
আমি এখানে এমন একজনের কথা বলতে চাই, যে এখন এখানেই বসে আছে আমাদের মাঝে। পল ফার্মার, ডিউক থেকেই স্নাতক করা মেডিসিনের এই চিকিৎসকের সঙ্গে আমার প্রথম পরিচয় ২০০৩ সালে হাইতিতে, যেখানে তিনি একটি ক্লিনিক পরিচালনা করতেন। ক্লিনিকটা পল তৈরি করেছিলেন অতিদরিদ্র মানুষগুলোর জন্য, যাদের চিকিৎসা নেওয়ার ন্যূনতম সুযোগ ছিল না। তাঁর ক্লিনিকে যাওয়ার সময় আমাদের প্রায় ১০০ গজের মতো হাঁটতে হয়েছিল গাড়ি থেকে নেমে। এই পুরো রাস্তায় দেখা হওয়া প্রতিটি মানুষের সঙ্গে পল তাদের নাম ধরে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন! আর যখন আমরা ক্লিনিকের রোগীদের অপেক্ষা করার জায়গায় পৌঁছাই, সেখানে আমি একটি সুন্দর ছায়াঘেরা বাগান আবিষ্কার করি। অথচ হাইতিতেই আমি একই রকম একটা ক্লিনিকে গিয়েছি, যেখানে গরিব মানুষদের প্রচণ্ড রোদ মাথায় করে বাইরে চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয়।
পল নিজের মধ্যে ছোট্ট একটু পরিবর্তন এনেছিলেন। তিনি মানুষের সঙ্গে গভীরভাবে সম্পর্ক তৈরি করার নীতি গ্রহণ করেছিলেন। তিনি সময় বের করে নিয়েছিলেন সেই বাগানটা তৈরি করার জন্য, মানুষের নাম মনে রাখার জন্য, আর সবার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার জন্য।
অবশ্য সবাইকেই পল ফার্মারের মতো হতে হবে না। শুধু গরিব মানুষদের চিকিৎসা দেওয়া মহৎ মানুষেরাই নয়, তোমরা নিজেরাই তৈরি করতে পারো সবার সঙ্গে ভেদাভেদ ভুলে মিশে যাওয়ার নতুন পথ।
আফ্রিকা মহাদেশেও এখন প্রায় ৭০ কোটির মতো মুঠোফোন রয়েছে। এমন অনেক জায়গা আছে, যেখানে বিদ্যুৎ না থাকার পরও তরুণেরা বাজারে গিয়ে তাদের মুঠোফোন চার্জ করে আনে। ইন্টারনেটের মাধ্যমে তোমরা তরুণেরা একজন আরেকজনের সঙ্গে নিজের গল্পগুলোকে মেলে ধরতে পারো। একজন আরেকজনের জীবনে ঢুকে যেতে পারো, দেখতে পারো ওরা কী পড়ছে, শুনতে পারো ওরা যা শুনছে।
আমি এটা হলফ করে বলতে পারি, সময়ের সঙ্গে সঙ্গে এসব সুযোগ কাজে লাগিয়ে তোমরা এই পৃথিবীকে আরও এগিয়ে নিতে পারো এবং আরও নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারো। আমি এও বিশ্বাস করি, এই নতুন যোগাযোগ তোমাদের সাহায্য করবে তোমাদের কাজে, সাহায্য করবে পৃথিবীতে পরিবর্তন আনতে।
তোমরা পারো পুরো পৃথিবীর ৭০০ কোটি মানুষকে এক ছায়াতলে নিয়ে আসতে। বিশ্বের অন্যতম ভালো একটি বিশ্ববিদ্যালয়ে চারটি বছর কাটিয়ে তোমরা শিখেছ কেমন করে সফল হতে হয়। আমার প্রত্যাশা, প্রযুক্তির এই অসাধারণ সুযোগটিকে কাজে লাগিয়ে তোমরাই তৈরি করবে একটা সুন্দর পৃথিবী। একটা পৃথিবী যা হবে সৌহার্দ্যের, বন্ধুত্বের। অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি সেই দিনটি দেখার জন্য। সবাইকে আবারও একবার অভিনন্দন।
সূত্র: টুডে ডিউক, ইংরেজি থেকে অনুবাদ: আফরিনাহোসেন