জাগো ফাউন্ডেশন ও ডিনেট পেল আইসিটি বিভাগের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ৩০ হাজার ‘তথ্যকল্যাণী’ এবং প্রতিটি ইউনিয়নে একটি করে অনলাইন স্কুল গড়ে তোলা গেলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক আলোচনা সভা এবং অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন ও ডিনেটকে ৩৯ লাখ ৯৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আইসিটি বিভাগের সমঝোতা চুক্তি সই হয়। এ কার্যক্রমে ডিনেট শিক্ষিত নারীদের প্রশিক্ষণ দিয়ে ইনফোলেডি বা তথ্যকল্যাণী হিসেবে গড়ে তুলবে। জাগো ফাউন্ডেশন অনলাইন স্কুলের পরিধি বাড়াবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নতুনভাবে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির বিষয়টি শুরু করেছেন। এখন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলেমিশে কাজ করলেই আমরা বাংলাদেশকে বিশ্বের দুয়ারে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ প্রমুখ।