জাজিরা গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সারা দেশে গণিত উৎসবের আয়োজন ছিল ১৭টি অঞ্চলে। তবে এই পরিসংখ্যানের বাইরে আরও একটি আয়োজন হয়েছে। যে উৎসবে প্রতিযোগী ও শিক্ষকদের অংশগ্রহণ চমকে দিয়েছে অনেককে। ২ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার এই আয়োজনকে এককথায় জমকালো আয়োজনই বলা যেতে পারে। ভেন্যু ছিল জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়। উপজেলা পরিষদের সহায়তায় একদল প্রাণোচ্ছল তারুণ্যের এই আয়োজনে সাড়া দিয়ে একাডেমিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিও। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত জাজিরা উপজেলার এই শিক্ষার্থীদের অনেকেই গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত। ‘এই অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্ন সুবিধার কারণে একটু পিছিয়ে। তবে আমাদের স্কুলের ২০০২ ও ২০০৪ সালের ব্যাচের শিক্ষার্থীদের এই উৎসাহ আমাদের মুগ্ধ করেছে। এই আয়োজন প্রতিবছর হতে পারে বলে আমার মনে হচ্ছে।’ এভাবে জানান জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আমিন উদ্দিন। আট শতাধিক শিক্ষার্থী নিয়ে উৎসব শুরু হয় সকাল ১০টায়। জাতীয় সংগীতের পরপরই শুরু হয় সোয়া ঘণ্টার গণিত অলিম্পিয়াড; যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আগে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার পরই প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভিখারুদ্দৌলা চৌধুরী, ভেন্যু স্কুলের প্রধান শিক্ষক শেখ মো. আমিন উদ্দিন, জাজিরা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে ব্রোঞ্জজয়ী নাজিয়া চৌধুরীর মা জেসমিন আক্তার। উৎসবের শেষ দিকে প্রাথমিক, জুনিয়র ও মাধ্যমিক ক্যাটাগরির মোট ৪৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। তিন ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন ১৬ জন প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে জাতীয় গণিত উৎসবে।