জাতিগোষ্ঠীসহ সব ভাষা অনলাইনে সংরক্ষণের উদ্যোগ
জাতীয় পর্যায়ে জাতিগোষ্ঠীর ভাষাসহ দেশের সব ভাষা সংরক্ষণে অনলাইন তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এতে বাংলাদেশের ৪০টি ভাষার নমুনা সংরক্ষণ করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাকক্ষে ‘বাংলাদেশের নৃগোষ্ঠী ভাষার ডিজিটাইজেশন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্প এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, সরকার বাংলা ভাষার পাশাপাশি জাতিগোষ্ঠীর ভাষা ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। ডিজিটালাইজেশনের মাধ্যমেই জাতিগোষ্ঠীর ভাষাগুলো অনেক দিন টিকে থাকবে। সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে বাংলাসহ ৪১টি ভাষা রয়েছে। এর মধ্যে ১৪টি ভাষা বিপন্নপ্রায়। এই ধারা অব্যাহত থাকলে অল্প কয়েক বছরের মধ্যেই এই ভাষাগুলো হারিয়ে যাবে। ভাষাগুলো সংরক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ৫০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এসব জাতিগোষ্ঠীর মধ্যে প্রায় ৪০টি ভিন্ন ভিন্ন ভাষা প্রচলিত আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এ জন্য নিজস্ব ভাষার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় সবাইকে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা শিখতে হয়। সরকারি উদ্যোগে পাঁচটি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা এখনো ফলপ্রসূ হয়নি। জাতিগোষ্ঠীদের ভাষায় লিপি সমস্যাও একটি বড় বিষয়। কারণ, অধিকাংশ ভাষারই নিজস্ব লিপি নেই। যেগুলোর আছে, প্রচলন না থাকায় সেগুলো গ্রহণযোগ্য হয়নি। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর ভাষা সংরক্ষণের জন্য প্রচলিত ভাষাগুলোর ব্যাকরণ রচনা, শব্দকোষ তৈরির পাশাপাশি সেগুলো অনলাইন ও অফলাইনে সংরক্ষণে মাধ্যমে সবার ব্যবহারের উপযোগী করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে জাতিগোষ্ঠী ভাষার ডিজিটালাইজেশন করা সম্ভব হবে।
সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আবদুল মান্নান, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক মো. মাহবুব করিম প্রমুখ।