জাতীয় হ্যাকাথনের শীর্ষ ১০ উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় হ্যাকাথনের ফাইনালে বিজয়ী হয়েছে ১০টি প্রকল্প
জাতীয় হ্যাকাথনের ফাইনালে বিজয়ী হয়েছে ১০টি প্রকল্প

১০টি জাতীয় সমস্যার সমাধানে নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে গতকাল শেষ হলো টানা ৩৬ ঘণ্টার ম্যারাথন প্রোগ্রামিং প্রতিযোগিতা তথা জাতীয় হ্যাকাথন। শনিবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)তে শুরু হয় দেশের সবচেয়ে বড় এই হ্যাকাথন। জনগণের মতামত ও বিশেষজ্ঞদের গবেষণায় এই হ্যাকাথনের জন্য ১০টি জাতীয় সমস্যা চিহ্নিত করা হয়।

সম্মেলনে এক হাজার ৭০০ প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, অ্যাপনির্মাতা ৩৪০টি টিমে বিভক্ত হয়ে অংশ নেন। পাশাপাশি অংশ নেয় ৪৯টি পেশাদার প্রতিষ্ঠানও। এ ১০টি সমস্যা সমাধানের জন্য বিজয়ী হয়েছে সেরা ১০টি ধারণা। এ প্রকল্প বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ২০ লাখ টাকার ইনোভেশন ফান্ড পাচ্ছে বিজয়ীরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে হ্যাকাথন বাস্তবায়ন করেছে এমসিসি লিমিটেড। সহযোগিতায় রয়েছে ইএটিএল, বেসিস, সিম্ফোনি, গ্রামীণফোন, রবি, সোলকোয়েস্ট, গুগল ডেভেলপার গ্রুপ, বেটার স্টোরিজ ও বিডি ভেঞ্চার লি।

জাতীয় হ্যাকাথনে সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে গুরুত্বপূর্ণ ১০ অ্যাপ।
জাতীয় হ্যাকাথনে সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে গুরুত্বপূর্ণ ১০ অ্যাপ।

বিশ্বজুড়ে হ্যাকাথন ম্যারাথন কোডিং ইভেন্ট হিসেবে স্বীকৃত। হ্যাকাথনে ডেভেলপারদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকে।

সেরা ১০ প্রকল্প
এবারের জাতীয় হ্যাকাথনে সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে ট্রাফিক জ্যাম থেকে বাঁচার অ্যাপ্লিকেশন, ঘূর্ণিঝড় কেন্দ্র ব্যবস্থাপনার অ্যাপ্লিকেশন, দুর্নীতিরোধ-বিষয়ক অ্যাপ, যৌন ও প্রজননস্বাস্থ্য সেবার জন্য অ্যাপ, স্বাস্থ্যসচেতনতার অ্যাপ, স্বাস্থ্যসুরক্ষার অ্যাপ, নিরাপদ নৌভ্রমণের সচেতনতামূলক অ্যাপ, প্রশ্নপত্র ফাঁস রোধের অ্যাপ, যৌন হয়রানিরোধ ও সড়ক দুর্ঘটনা ঠেকাতে সচেতনতামূলক অ্যাপ্লিকেশন।

ট্রাফিক জ্যাম
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রাভিটিবিডি’ দলের সদস্যরা ট্রাফিক জ্যাম সমস্যা সমাধানের জন্য এই মোবাইল অ্যাপ তৈরি করেন। এর মাধ্যমে ক্যামেরা দিয়ে নির্দিষ্ট রাস্তায় যানজট সম্পর্কে তথ্য জানা যাবে। জ্যাম বেশি থাকলে বিকল্প পথের তথ্যও খুঁজে নেওয়া যাবে।
সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনভিার্সিটির ছাত্রদের দল ‘ইউআইইউ অ্যাম্বাসেডর’ সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট নিয়ে অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপে সাইক্লোন শেল্টারের দায়িত্বরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে একটি ডেটাবেজ তৈরি করা হবে। পরে সেই অনুযায়ী সরকারি সাহায্য পৌঁছানো যাবে এবং এই অ্যাপ থেকে দুর্যোগের সতর্কবার্তাও পৌঁছানো যাবে।
দুর্নীতি
দুর্নীতিরোধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল ‘ট্রিলিয়নপিক্সেল’ তৈরি করেছে একটি অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে অডিও রেকর্ড করার সুবিধা রয়েছে এবং তা নির্দিষ্ট সার্ভারে পাঠিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা যায়।
যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা
ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স দল তৈরি করেছে আপনকথা নামের একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে তথ্য জানা যাবে। বিশেষজ্ঞদের পরামর্শও পাওয়া যাবে এতে।
সুস্বাস্থ্য
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলের সদস্যরা তৈরি করেছেন সুস্বাস্থ্য নামের অ্যাপ, যাতে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো যাবে। এর মাধ্যমে জটিল রোগের লক্ষণ, কারণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে জানা তথ্য যাবে।
স্বাস্থ্যকথা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল তৈরি করেছে স্বাস্থ্যকথা নামের অ্যাপ, যা স্বাস্থ্যসম্মত আচরণগত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য দিতে পারে। রোগ প্রতিরোধ ও রোগের লক্ষণ সম্পর্কে এই অ্যাপ থেকে জানা যাবে।
নিরাপদ নৌযাত্রা
ব্রেইন স্টেশন ২৩ নামের অ্যাপ নির্মাতা দলটি তৈরি করেছে ওয়াটার ট্রান্সপোর্ট সেফটি নামের অ্যাপ। এর মাধ্যমে লঞ্চের ফিটনেস সনদ দেখতে পারবেন যাত্রী। এ ছাড়া গন্তব্যস্থলে রওনা হওয়ার আগে আবহাওয়া ও নৌপথের নানা তথ্য জেনে নিতে পারবেন। এ ছাড়া জরুরি যোগাযোগের ব্যবস্থাও থাকছে এতে।
প্রশ্নপত্র ফাঁস
ড্যাফোডিল ইউনিভার্সিটির সদস্যারা তৈরি করেছেন ‘দ্য গার্ড’ নামের একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্বতন্ত্র কিউ আর কোডের ভিত্তিতে শনাক্ত করা যাবে। এর ফলে একজনের পরীক্ষা অন্য কেউ দিয়ে দিতে পারবে না। পাশাপাশি শিক্ষকদের কাছে রাখা ডিভাইসের মাধ্যমে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং মোবাইল ডিভাইস ট্র্যাক করা যাবে।
যৌন হয়রানি
রূপম আইটি লিমিটেড (এমএএসটি) তৈরি করেছে ‘ডাক’ অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে জরুরি যোগাযোগ করার সুবিধা থাকবে। এ ছড়া বিভিন্ন সেবাপ্রদানকারী এজেন্সি এবং পুলিশের সঙ্গে যোগাযোগের সুবিধাও পাওয়া যাবে।
সড়ক নিরাপত্তা
মোবিওম্যান নির্মিত এই অ্যাপের মাধ্যমে জরুরি অবস্থায় আইনপ্রয়োগকারী সংস্থা এবং হাসপাতালগুলোতে ইমার্জেন্সি সাহায্যের জন্য আবেদন করা যাবে। অ্যাপটির মাধ্যমে জিআইএস লোকেশনসহ প্রয়োজনীয় তথ্য সেবা প্রদানকারী সংস্থার কাছে পৌঁছে দেয়া যাবে। এ ছাড়া জরুরি প্রাথমিক চিকিৎসার নির্দেশনা থাকবে এতে।