‘শুধু প্রোগ্রামার হওয়ার জন্য নয়, যেকোনো সমস্যার সমাধান করতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের দক্ষতা দরকার। বাংলাদেশে মেধাবীদের সংখ্যা অনেক বেশি। এ মেধাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে। আমরা মেধাবী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।’ গতকাল সোমবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত প্রোগ্রামিংয়ে সচেতনতা তৈরি এক ঘণ্টার আয়োজন ‘আওয়ার অব কোড’-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি আরও বলেন, বর্তমানে ডিসেম্বর মাস থেকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকে। দেশে জাতীয়ভাবে আইসিটি প্রোগ্রামিং সপ্তাহ উদ্যাপন ও আইসিটি অলিম্পিয়াডের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে মাসিক কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘একটা গেম না কিনে একটা গেম বানিয়ে ফেলো। আমাদের মেধা আছে, এই মেধা দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারব। ভবিষ্যতে এ ধরনের যেকোনো আয়োজনে আমরা সঙ্গে থাকব।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক সৈয়দ আশরাফুল ইসলাম, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, দ্বিমিক কম্পিউটিং স্কুলের সহপ্রতিষ্ঠাতা তামিম শাহরিয়ারসহ অনেকে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে সচেতনতা বাড়াতে ৮ থেকে ১৪ ডিসেম্বর ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ’ পালন করা হয়। এ সাত দিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বগুড়া ও জামালপুরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় আওয়ার অব কোড। এসব আয়োজনে দুই হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ও দ্বিমিক কম্পিউটিং স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আয়োজন। পৃষ্ঠপোষকতা করে বিসিসি ও কিশোর আলো। — রাহিতুল ইসলাম