জাতীয় ই-তথ্যকোষের উদ্বোধন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয় থেকে বাংলা ভাষায় জীবন ও জীবিকাভিত্তিক তথ্যভান্ডার জাতীয় ই-তথ্যকোষের উদ্বোধন করবেন। ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।ই-তথ্যকোষে (www.infokosh.bangladesh.gov.bd) কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, কর্মসংস্থান, নাগরিক সেবা, অকৃষি উদ্যোগ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ে বাংলা ভাষায় তথ্য রাখা হয়েছে। সব তথ্য অডিও-ভিডিও, অ্যানিমেশন, তথ্যচিত্র বা লিখিত আকারে ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। ই-তথ্যকোষে কোনো বিষয়বস্তু খুঁজে পাওয়ার জন্য একটি সার্চ ইঞ্জিন যোগ করা হয়েছে।জাতীয় ই-তথ্যকোষ গড়ে উঠেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের তৈরি ও প্রকাশিত গবেষণাধর্মী তথ্যের ভিত্তিতে।