জাতীয় ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতার সময় বাড়ল
জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার-২০১১ প্রতিযোগিতায় মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারির বদলে এখন ৫ মার্চ পর্যন্ত প্রতিযোগিতায় প্রকল্প জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য জানা এবং মনোনয়ন জমা দেওয়া যাবে www.eaward.org.bd ঠিকানার ওয়েবসাইটে। অন্যতম আয়োজক ডিনেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।চলতি বছর মোবাইল ফোন-ভিত্তিক এবং অন্যান্য তথ্যপ্রযুক্তি-ভিত্তিক বিভাগে ১০টি শ্রেণীতে মোট ৬৮টি পুরস্কার দেওয়া হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগকে আলাদাভাবে মূল্যায়ন করা হবে। পুরস্কারের শ্রেণীগুলো হলো: স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, বিনোদন ও গেমস, সংস্কৃতি ও ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য, অংশগ্রহণ, জীবিকা এবং সংবাদ ও সামাজিক গণমাধ্যম। প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ আটটি উদ্যোগ বিশ্ব শীর্ষ সম্মেলন পুরস্কার ২০১১-র জন্য মনোনীত হবে। এই প্রতিযোগিতার স্বাগতিক হিসেবে রয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং আয়োজক হিসেবে আছে ডি.নেট। প্রধান সহযোগী অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, আয়োজন সহযোগী হিসেবে রয়েছে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার। —নিজস্ব প্রতিবেদক