সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তথ্যপ্রযুক্তি উৎসবে এবারের জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৩টি দল অংশ নেয়। প্রতিটি দলে তিনজন করে প্রতিযোগী ছিলেন। টানা পাঁচ ঘণ্টা চলে এ প্রতিযোগিতা। মোট ১২টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে দেওয়া হয় প্রযুক্তিবিদদের।এবারের এনসিপিসিতে শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয় (বুয়েট)। ছয়টি সমস্যার সমাধান করে বুয়েট চ্যাম্পিয়ানস দল। এ দলের সদস্যরা হলেন মো. মাহবুবুল হাসান, মুনতাসির মাশহুক ও তাসনিম সানী। শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হলো: দ্বিতীয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ রেজোনন্স (শিপলু হাওলাদার, আনা ফারিহা ও হাসনাইন হিকেল) সমাধান পাঁচটি; তৃতীয়—বুয়েট অ্যাভেঞ্জার্স (রেজানুর রহমান, মো. এনজাম হোসেন ও দীপ্রঞ্জন দাস) চারটি; চতুর্থ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমপাল্স (মো. আবদুল কাদের, মো. শরীফুল ইসলাম ও জোবায়ের হাসান) চারটি; পঞ্চম—সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আকাতসুকি (কাজী রকিবুল হাসান, মো. আকরামুল কবির ও মুহাম্মদ হেদায়েতুল ইসলাম) চারটি; ষষ্ঠ—বুয়েট যাচ্ছেতাই (নাগিব মোশতাক, প্রত্যয় মজুমদার ও নাজমুল হাসান) চারটি; সপ্তম—শাবিপ্রবির মেসেঞ্জার্স (মো. সাইফুল ইসলাম, ফরহাদ আহমেদ ও মো. মাহফুজুর রহমান) তিনটি; অষ্টম—শবিপ্রবির বিদ্রোহী (মো. সাজ্জাদুল হক, এরশাদুর রহমান তালুকদার ও মো. মাকসুদ হোসেন) তিনটি; নবম—ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ট্রিপল হেলিক্স (মো. সোহেল হোসেন, মেসবাহ-উল-আলম, ফয়সাল আহমেদ) তিনটি এবং দশম—ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইমস (আসিফ মাহমদু, মো. রিদওয়ান, সায়েফ আহমেদ) তিনটি। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন শাবিপ্রবির কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। —শাবিপ্রবি প্রতিনিধি