জাতীয় বাজেটে আইসিটিকে আরও গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে (আইসিটি) বিশেষগুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে এ খাতের সংশ্লিষ্টরা।গতকাল রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেন্টার ফর আইসিটি পলিসি রিসার্চের (সিআইপিআর) আয়োজিত একটি সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।‘বাজেটে জাতীয় আইসিটি নীতিমালার প্রতিফলন’ শীর্ষক এ সেমিনারে সিআইপিআরের গবেষণা পরিচালক শরিফ উদ্দিন জানান, ‘২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলা শুরু হয়। কিন্তু আজও আইসিটি নীতিমালার বাস্তবায়ন হয়নি। আমাদের প্রত্যাশা ছিল, ৮০ শতাংশ মানুষ ইন্টারনেট-সুবিধা পাবে। কিন্তু বর্তমানে মাত্র ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাচ্ছে। এখনো জাতীয় আইসিটি কেন্দ্র গড়ে তোলার জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি।’অ্যাসোসিওর উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘বাজেটে আইসিটিকে এখনো তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কম্পিউটারে আমাদের যেটুকু উন্নতি, সবই হয়েছে জনগণের চেষ্টায়। তবে আমরা আশা করি, জনগণের জীবনমানকে উন্নত করার জন্য আইসিটির উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সঠিক ভূমিকা নেবেন।’ বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, বাজেটের মাত্র ২ শতাংশ আইসিটিতে দেওয়ার কথা বলা হলেও এখনো তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, আইসিটি নীতিমালা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশের ১৬ কোটি মানুষকে আইসিটিতে দক্ষ করে তুলতে পারলে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।’ সেমিনারে বক্তারা জাতীয় বাজেটে আইসিটিকে গুরুত্ব দেওয়ারও দাবি জানান। সেমিনারটির সঞ্চালক ছিলেন সিআইপিআরের চেয়ারম্যান এস এ এস এম তাইফুর। —মোছাব্বের হোসেন