জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পেতে আবেদনের সুযোগ

মোবাইলভিত্তিক উদ্যোক্তারা ‘জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার-২০১৭’-এর জন্য আবেদন করতে পারেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং অস্ট্রিয়াভিত্তিক ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। বিজয়ী আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হবেন।
প্রতিযোগিতায় সহযোগিতা করছে গুগল ডেভেলপার গ্রুপ সোনারগাঁও ও জিডিজি বাংলা নামের গুগল কমিউনিটি।
জিডিজি বাংলার এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় প্রতিষ্ঠানের তৈরি সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপকে স্বীকৃতি দিতে এ আয়োজন।
প্রতিযোগিতায় অ্যাপ ছাড়াও মোবাইলভিত্তিক উদ্যোগ এসএমএস, আইভিআর প্রভৃতিও অংশগ্রহণ করতে পারবে। জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতার মাধ্যমে আটটি বিভাগে বিজয়ী নির্বাচন করা হবে। ৩১ মার্চের মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে আবেদন করা যাবে। নিবন্ধন ও মনোনয়ন জমা দেওয়ার জন্য http://appaward.ictd.gov.bd/ লিংকে যেতে হবে।
২০১৪ সালে প্রথম জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার প্রতিযোগিতা হয়।