জাতীয় হ্যাকাথন ১০ সমস্যা সমাধানে তৈরি হলো অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও মুখে হাসি, কেউ তো আবেগে কেঁদেই ফেললেন। মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির জাতীয় হ্যাকাথনে বিজয়ীদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। টানা ৩৬ ঘণ্টার এ প্রতিযোগিতার শেষে গত রোববার ফলাফল ঘোষণা করা হয়। নির্ধারিত ১০টি বিষয়ের প্রতিটির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—মোট ৩০টি বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, নতুন প্রজন্ম দেশকে পরিবর্তন করবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ ও যুগ্ম সচিব শ্যামাপ্রসাদ ব্যাপারী, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ, ইন্টারনেট সেবাদাতা কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফয়সাল হায়দার, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির প্রকল্প পরিচালক মিয়া মাসুদুজ্জামান ও এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবীর বক্তৃতা করেন।
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আহমেদ খান, মো. আরমান আহমেদ, বিশ্বজিৎ পাণ্ডে, বাপ্পি দত্ত ও রশিদুল হাসানের দল গ্রাভিটি বিডির তৈরি অ্যাপে নির্দিষ্ট সড়কে যানজটের বর্তমান অবস্থা এবং বিকল্প দ্রুততম পথ দেখাবে। তাঁদের অ্যাপটি যানজট বিভাগে প্রথম হয়েছে।
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিভাগে প্রথম হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ইউআইইউ অ্যামবাসেডর। খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পার্থ প্রতিম সূত্রধর, নাজমুল আহসান, মাহমুদুর রশিদ ও তাসফিকুল বারীর তৈরি অ্যাপ দুর্যোগ মোকাবিলায় সতর্কবার্তা প্রেরণ ও দুর্যোগ-পরবর্তী ত্রাণ কার্যক্রম সমন্বয়ে সাহায্য করবে।
মোবিওঅ্যাপ লিমিটেড থেকে আসা ফিদা মুন্তাসির, ফরহাদ আন-নাইম, আবিদ হাসান, শরিফ-উল-ইসলাম ও তানভীর আহমেদের দল মোবিওম্যান নিরাপদ সড়ক বিভাগে প্রথম হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল টিম ত্রিমাত্রিকের তৈরি অ্যাপ ‘দ্য গার্ড’ প্রথম হয়েছে প্রশ্নপত্র ফাঁস বিভাগে। এ ছাড়া দুর্নীতিরোধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল ট্রিলিয়ন পিক্সেল, নিরাপদ নৌপরিবহন বিভাগে ব্রেইন স্টেশন ২৩, স্বাস্থ্যব্যবস্থার আচরণগত পরিবর্তন বিভাগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আরেকটি দল ব্র্যাকইউ হেঙ্ক, যৌন হয়রানি বিভাগে রূপম আইটি লিমিটেডের অ্যাপ ‘ডাক’, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা বিভাগে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দল বাডিস ড্রিম এবং অসংক্রামক রোগ বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কসমিউটার প্রথম স্থান অর্জন করে। বিজয়ীরা পুরস্কার হিসেবে উদ্ভাবনী তহবিল থেকে অনুদান পাবেন।
রাজধানীর আইডিইবি ভবনে আইসিটি বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় কারিগরি সহায়তা করছে এমসিসি লিমিটেড।—মেহেদী হাসান