জাতীয়ভাবে মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নিজেদের দেশে ব্যবহারের জন্য জাতীয় মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম (ওএস) তৈরি করছে চীন। বর্তমান সরকারের পাঁচ বছরের কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি এ পরিকল্পনা করা হয়। চীনের সাধারণ মানুষকে মুক্ত সফটওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধ করতে চীন সরকার এ উদ্যোগ নিয়েছে। জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের ডিস্ট্রো উবুন্টু তৈরি প্রতিষ্ঠান ক্যানোনিক্যালের সঙ্গে যৌথভাবে কাজ করছে চীন সরকার। এর ফলে উবুন্টুর মতোই ওএস তৈরি হবে, কিন্তু বিশেষভাবে চীনের ব্যবহারকারীদের জন্য হবে এ ওএস। ‘উবুন্টু কেয়লিন’ নামের এ ওএসের প্রথম সংস্করণ আগামী মাস থেকেই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহারের জন্য পাওয়া যাবে বলে জানা গেছে। নানা ধরনের সুবিধার মধ্যে এ ওএসে যুক্ত হবে চীনের ভাষা, চীনের নিজস্ব ক্যালেন্ডার, আবহাওয়ার খবর জানার বিশেষ ব্যবস্থা, চীনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদুর সঙ্গে যুক্ত ম্যাপ ইত্যাদি। চীন সরকারের এমন উদ্যোগ সম্পর্কে জানানো হয়, এ উদ্যোগ চীনে পশ্চিমা সফটওয়্যার ব্যবহার কমানোর পাশাপাশি চীনের সাধারণ ব্যবহারকারীদের নিজেদের জন্য কম্পিউটার কোডিং শেখার ব্যাপারে আগ্রহী করে তুলবে। বিশ্বসেরা বিভিন্ন সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান তাদের সফটওয়্যার তৈরির কোড লুকিয়ে রাখে যেখানে, উবুন্টু কিংবা মুক্ত সফটওয়্যারগুলোতে সেটি উন্মুক্ত থাকে। ক্যানোনিক্যালের প্রধান নির্বাহী জেন সিলভার বলেন, ‘চীন সরকারের সঙ্গে যৌথভাবে করা এ কাজ চীনের বাজারে মুক্ত সফটওয়্যারকে ছড়িয়ে দিতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।’ উল্লেখ্য, নিজেদের মতো করে কাস্টমাইজ করে ওএস তৈরির কাজটি খুব সহজেই করা যায় উবুন্টু ব্যবহারের মাধ্যমে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী