জানতে চাই শিখতে চাই
ঘড়ির কাঁটা তখনো সকাল আটটার ঘরে পৌঁছেনি। কিন্তু এর মধ্যেই কক্সবাজার সরকারি মহিলা কলেজ সেজেছে নতুন সাজে। আর একটু পরেই সেই সাজের রং আরও রাঙা করে যুক্ত হলো একঝাঁক তরুণের দল। একেকটি দল আসছে আর হইরই করে সবাই ঢুকছে উৎসবস্থলে। ইন্টারনেট উৎসব। চট্টগ্রাম জোনের এবারের ইন্টারনেট উৎসব বসেছিল পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্রসৈকত এই কক্সবাজারে। হাসি-হুল্লোড়ে মেতে থাকা এই তরুণেরা মাঠে ঢুকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করল, কে আগেভাগে পৃথিবীর পাঠশালা থেকে জ্ঞান নিতে পারে সেই প্রতিযোগিতার জন্য। এ সময় কথা হলো হাস্যোজ্জ্বল ইকবাল হোসেনের সঙ্গে। ‘আমি তো প্রথমে উৎসবে আসতেই চাইনি। কিন্তু এসে যা পেলাম তা তো বলে বোঝানো যাবে না।’ আরেকটু সামনে এগোতেই কথা হলো কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বীথি ও আছমার সঙ্গে। বিস্ময় খেলা করছে তাদের চোখেমুখেও। কণ্ঠেও সেটা ধরা পড়ল, ‘আমি অভিভূত। এখানে এসে যা জানলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আমার জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখান থেকে।’শুধু শিক্ষার্থী নয়, অভিভূত শিক্ষকেরাও। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যলয়ের শিক্ষক ইমাম হোসেন বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ইন্টারনেট জানার কোনো বিকল্প নেই। গ্রামীণফোন-প্রথম আলো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই উৎসবের মধ্য দিয়ে।’ইতিমধ্যে মঞ্চে শুরু হয়েছে আই-জিনিয়াস খুঁজে বের করার লড়াই। গতবারের আই-জিনিয়াস তার যোগ্যতার স্বাক্ষর রাখল সেরা দশে স্থান করে নিয়ে। এবার সেরা দশ থেকে আমরা পাব কক্সবাজারের আই-জিনিয়াস। সেরা দশ থেকে আবার ট্রাইবেকারে এল সেরা দুই। আর এই সেরা দুইজনের মধ্যে আছে গতবারের আই-জিনিয়াস নিশান। নতুনের জয়গান সব সময়ই থাকে। এখানেও তার ব্যতিক্রম হলো না। নিশানকে হারিয়ে কক্সবাজারের আই-জিনিয়াসের মুকুট পরে নিল সীলমা সাবাহ রাইসা। রাইসা সারা দেশের ১২০ জন আই-জিনিয়াসদের মধ্যে কক্সবাজারের প্রতিনিধিত্ব করবে।