জানা হলো ইন্টারনেট
কাপ্তাইয়ের ইরান গিরি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মংয়ই মার্মা। কথা হয় তার সঙ্গে। জানতে চাই ইন্টারনেট উৎসব তার কাছে কেমন লাগছে। সে বলে, ‘ভামা ইদো লাবো কং চিই প্যত্তে ইমা লাবো ভা বহুতুতা রাবে ভা দিমা আংকুসু লোরুগু অর ইন্টারনেট উৎসব ফ্রইচাগো কংগং কিজু তাংবাত্তে।’মানে কী এসবের? আমাদের অবাক মুখ দেখে মংয়ই মার্মা বাংলা অনুবাদ করে বলে, ‘এখানে এসে খুব ভালো লাগছে। অনেক কিছু জানতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই উৎসব আয়োজকদের সবাইকে এবং ইন্টারনেট উৎসবকে।’এই উৎসব বসেছিল কাপ্তাই লেকের পাড়ে। সকাল থেকে কাপ্তাই উচ্চবিদ্যালয়ের চিত্র ছিল অন্যান্য দিনের থেকে আলাদা। আশপাশের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় এই উৎসবে। শহীদ শামসুদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতী বলে, সকালে এসে উৎসবে ঢুকে গেছি। এখন যে বিকাল হয়ে গেছে, তা টেরই পাইনি। অনেক অনেক কিছু জানতে পেরেছি আজ।’শতাব্দী বিশ্বাস পড়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুলে। তার অভিমত এমন, ‘আমি ইন্টারনেট সম্পর্কে কিছুটা জানতাম। আজ এই উৎসবে এসে আমার ধারণা পুরোপুরি পরিষ্কার হলো ইন্টারনেট সম্পর্কে। আমি পৃথিবীর পাঠশালা থেকে অনেক কিছু নিয়ে বাড়ি ফিরছি।’