জানানো হলো চলতি বছরে আসুসের পরিকল্পনা
চলতি বছর বাংলাদেশের প্রযুক্তির বাজার নিয়ে আসুসের পরিকল্পনা, বিপণন-কৌশল ও বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। সভায় আসুসের বিভিন্ন বিষয় তুলে ধরেন আসুসটেক কম্পিউটার ইনকরপোরেটেডের আঞ্চলিক পরিচালক এরিক অও। তিনি চলতি বছরে আসুসের পরিকল্পনা, বাংলাদেশের প্রযুক্তি বাজারে আসুসের অবস্থানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ, বিশ্বব্যাপী আসুসের বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।সভায় জানানো হয়, চলতি বছরে আসুসের যেসব পণ্য বাজারে আসবে, সেসবের মধ্যে থাকবে পরিবেশ-বান্ধব সবুজ প্রযুক্তি, উচ্চসুবিধাসম্পন্ন অডিও-ভিডিও, থ্রিডি প্রযুক্তির সুবিধাসহ গেম, ব্যাম্বো সিরিজের ল্যাপটপ ইত্যাদি। পাশাপাশি থাকছে ই-টপ সিরিজের বিভিন্ন কম্পিউটার ও ই-সিরিজের কিবোর্ডসহ নানা পণ্য।সভায় উপস্থিত ছিলেন গ্লোবালের চেয়ারম্যান এ এস এম আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহিউদ্দিন আহমেদ প্রমুখ। একই দিন বিকেলে বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের গ্রাহকদের জন্য এসএমএসের মাধ্যমে আসুস পণ্যের তথ্যসেবা চালু করা হয়। এর ফলে যেকোনো মোবাইল ফোন থেকে আসুস লিখে নির্দিষ্ট পণ্যের প্রথম দুই অক্ষর (নোটবুকের জন্য NB) ২৫৮০ নম্বরে এসএমএস করলে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকেরা। এ সুবিধা আরও নানা ধরনের পণ্যের ক্ষেত্রে বাড়ানো হবে বলে জানানো হয়। —নিজস্ব প্রতিবেদক