জানুয়ারিতে ঢাকায় ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের মেলা। এই মেলার স্লোগান হচ্ছে ‘জ্বালো প্রযুক্তির আলো’। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এই মেলার আয়োজন করছে। গতকাল বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে মেলার নানা দিক নিয়ে আলোচনা করেন মেলার সমন্বয়ক আসিফ খান। তিনি জানান, এবারের মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ মেলায় উন্মোচিত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ল্যাপটপ মেলার সব ধরনের হালনাগাদ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে পাওয়া যাবে। এ জন্য www.facebook.com/qubeelaptopfair ফ্যান পেজটিতে লাইক করতে হবে। পেজে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।সংবাদ সম্মেলনে কিউবির হেড অব ব্র্যান্ডিং সৈয়দ আশিকুর রহমান বলেন, ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, সে জন্য এবারের মেলা আগের চেয়ে অনেক বড় জায়গায় আয়োজন করা হচ্ছে। কিউবি এ বছরের ল্যাপটপ মেলার টাইটেল স্পনসর। আর সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে এসার, আসুস, এইচপি ও স্যামসাং। মেলার ওয়েব পৃষ্ঠপোষক বিডি জবস ডটকম ও এখনি ডটকম এবং রেডিও পার্টনার এবিসি রেডিও।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা।—মোছাব্বের হোসেন