জাপান ও ডেনমার্কের সফটওয়্যার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক
সফটওয়্যার খাতের ব্যবসা বাড়ানোর সুযোগ খুঁজতে গত বুধবার থেকে ঢাকায় বেসিস কার্যালয়ের শুরু হয়েছে ব্যবসায়ীদের মতবিনিময়। জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) আয়োজনে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সহযোগিতায় এ আয়োজনে বাংলাদেশি তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠান অংশ নেয়।
বুধবার জাপানের ১২টি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০টির মতো বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক করে বাংলাদেশের ২৯টি প্রতিষ্ঠান। এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাপানের প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ, নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ।
বৃহস্পতিবার নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-৩ বাংলাদেশ প্রকল্পের আওতায় ডেনমার্কের ১৪টি প্রতিষ্ঠানের সঙ্গে একই ধরনের বৈঠক হয়। বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। —বিজ্ঞপ্তি