জাপান থেকে বাংলাদেশে

বিশ্ববিদ্যালয় ভর্তির লিফলেটে বাংলা বর্ণের দিকে তাকিয়ে থাকেন মেয়েটি। মুখ থেকে অজান্তেই বেরিয়ে যায়—বাহ্, বর্ণগুলো তো দেখতে সুন্দর! এটি কোন ভাষার বর্ণ। খোঁজ নিয়ে জানতে পারেন, বাংলা বর্ণমালা। ব্যস, তাহলে তো এ বিভাগেই পড়তে হবে। ভালো লাগা বলে কথা! এটি কানা কোবায়াশির গল্প। জাপানের টোকিও ইউনির্ভাসিটি অব ফরেন স্টাডিজে বাংলা বিভাগে পড়েন তিনি। ১৯ ফেব্রুয়ারি জাপান-বাংলাদেশ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের নয়জন শিক্ষার্থী আসেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দেয় তাঁদেরই বন্ধু কোযুয়ে কাতো। ২৬ ফেব্রয়ারি পর্যন্ত তাঁরা ঢাকায় ছিলেন। এই সময় তাঁরা সুন্দরবন ও বাংলাদেশ শিশু একাডেমীসহ অনেক জায়গায় ঘুরে বেড়ান। এখানকার শিশুদের উপহার পেয়ে রেইমি সেকিয়া মহাখুশি। এ সময় সঙ্গে ছিলেন তাঁদের শিক্ষক মনজুরুল হক।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আড্ডা হয় এই শিক্ষার্থীদের সঙ্গে। তাঁদের একেকজনের পছন্দ একেক রকম। তবে একটি বিষয়ে তাঁরা একমত হলেন, তা হলো বাংলাদেশের মানুষ। তাঁদের আপ্যায়ন,আতিথেয়তা ও আন্তরিকতায় তাঁরা মুগ্ধ। তাই তো বাংলাদেশের যে দিক তাঁদের ভালো লেগেছে, সেই তালিকায় সবার আগে স্থান পেয়েছে মানুষ।
এরপর খাবার, তারপর প্রকৃতি। তবে তোদো তাকুইয়া খাওয়া নিয়ে খানিকটা ঝামেলায় পড়েছিলেন। তিনি একদমই ঝাল খেতে পারেন না। ফলে যা খাচ্ছেন, তাতেই শরীর খারাপ হচ্ছে। বন্ধুরা অবশ্য এটা নিয়ে মজা করতেও ভুললেন না। এ দলেরই আরেকজন শিহো ওনোযাওয়া আবার মিষ্টি খেতে খুব পছন্দ করেন। খুঁজে খুঁজে ঢাকা শহরের সেরা মিষ্টির দোকানগুলো থেকে মিষ্টি খেয়েছেন তিনি।
তোদো তাকুইয়া, ইতো কোউসাকু ও নাকানোসে ইয়ুতা—এ তিন বন্ধু মিলে গত বছর ঘুরতে এসেছিলেন বাংলাদেশে। যদিও সময় ও আর্থিক দিক ভেবে শুধু ঢাকা ও চট্টগ্রাম বেড়িয়েছেন। ঠিক করেছিলেন আরও খণ্ডকালীন কাজ করে টাকা জমিয়ে আবার ঘুরতে আসবেন। সেই ইচ্ছা পূরণ হলো।
ইয়ুকি ইয়ামাগুচি গুনগুন করে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি শোনালেন। পাশ থেকে একটু চুপচাপ ইয়ুকা ওসাওয়া বলেন, ‘আমরা সবাই “গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ” ও “যদি তোর ডাক শুনে কেউ না আসে” গানটি শিখেছি।’
এখানে একজন আরেকজনের সব গোপন তথ্য বলে দিচ্ছিলেন। এই যেমন মিকাকো ওমাতা। যিনি প্রথম আলোর ফিচার বিভাগে এক মাসের শিক্ষানবিশি করছেন। মিকাকো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা চরিত্রে মঞ্চে অভিনয় করেছেন। আবার তিনি নজরুলের বিদ্রোহী কবিতা জাপানি ভাষায় পুরোটা বলতে পারেন। বিরিয়ানি, ইলিশ মাছ, চিংড়ি মাছ ও বেগুন ভাজা সবার প্রিয় খাবারের তালিকায় স্থান পেয়েছে। তাঁরা মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। এসব দেখে খুব মুগ্ধ হয়েছেন তাঁরা। জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন ল্যাঙ্গুয়েজের বাংলা বিভাগের অধ্যাপক মনজুরুল হক বলেন, এদের অনেক শেখার আগ্রহ। পড়ার বইয়ের বাইরে বাংলা সাহিত্যও পড়ানো হয়।’
এই জাপানি ছেলেমেয়েরা আবার বাংলাদেশে আসতে চান। বাংলাদেশের জন্য ও বাংলা ভাষার উন্নতিতে কাজ করতে চান। তাই তো তাঁরা বাংলা ভাষাকে বেছে নিয়েছেন।