বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া আগামী আগস্টের শেষ নাগাদ জাপানের সেলফোন বাজার চূড়ান্তভাবে ত্যাগ করবে। জাপানের নিক্কেই পত্রিকা গত শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায়।পত্রিকাটি জানায়, ফিনল্যান্ডভিত্তিক এ কোম্পানি ২০০৮ সালে জাপানে সেলফোন সরবরাহ বন্ধ করে দেয়। নকিয়া এখন জাপানের রাজধানী টোকিওর শিবুয়া ও গিনজা এলাকায় তাদের ভারচু হ্যান্ডসেটের দোকান বন্ধ করে দেবে। নিক্কেই জানায়, জাপানে প্রতিটি ভারচু হ্যান্ডসেটের দাম ছয় লাখ থেকে দুই কোটি ইয়েন। কোনো কোনো মডেলের হ্যান্ডসেট মূল্যবান ধাতুতে তৈরি। কোনো কোনোটিতে মূল্যবান পাথর খচিত রয়েছে।নিক্কেইর প্রতিবেদনে বলা হয়, জাপানে নকিয়ার ফোন সার্ভিসের চুক্তির মেয়াদ আগস্টের শেষ দিকে শেষ হয়ে যাবে। এ চুক্তি আর নবায়ন করা হবে না। তবে টোকিওতে নকিয়ার কার্যালয় চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত খোলা থাকবে। এরপরই এর কার্যক্রম গুটিয়ে আনা হবে।নিক্কেই জানায়, অ্যাপলের আইফোন ও আইপ্যাড জাপানের বাজার মোটামুটি দখল করে নিয়েছে। অ্যাপলের দাপটে নকিয়ার হ্যান্ডসেটগুলো সেভাবে আর বিক্রি হচ্ছে না। এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে নকিয়া। এ জন্য প্রতিষ্ঠানটি জাপান থেকে পাততাড়ি গুটিয়ে নিচ্ছে। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান