জাপানে আইপ্যাড-২-এর বাজারজাতকরণ আপাতত স্থগিত
বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল জাপানে তাদের নতুন পণ্য আইপ্যাড-২-এর বাজারজাতকরণ আপাতত স্থগিত রেখেছে। গত শুক্রবার জাপানে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইন।২৫ মার্চ জাপানের বাজারে আইপ্যাড-২ ছাড়ার কথা ছিল অ্যাপলের। জাপানের সাধারণ মানুষও অধীর আগ্রহে এ নতুন প্রযুক্তির অপেক্ষায় ছিল। তবে, ভূমিকম্প সুনামির কারণে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় অ্যাপল অনির্দিষ্টকালের জন্য আইপ্যাড-২-এর বাজারজাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।এদিকে এ ভয়াবহ ভূমিকম্পের কারণে জাপানের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতে সরবরাহের সমস্যায় পড়েছে প্রতিষ্ঠানগুলো। তবে, অ্যাপলের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, সরবরাহজনিত কোনো সমস্যায় নয়, বরং মানবিক দিক বিবেচনা করেই অ্যাপল জাপানে তাদের সরবরাহ আপাতত স্থগিত করেছে।বলা হচ্ছে, আগের ভার্সনের চেয়ে আইপ্যাড-২ দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন। এর সামনে ও পেছনে ক্যামেরা যোগ করা হয়েছে। পাশাপাশি গ্রাফিক্সেও যথেষ্ট উন্নয়ন করা হয়েছে। এদিকে জাপানের দুর্গত মানুষের সহযোগিতার জন্য অ্যাপল আইটিউনসের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। এ অর্থ আমেরিকান রেডক্রসের মাধ্যমে জাপানের ভূমিকম্প ও সুনামির ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে।