জাপানে আলোকচিত্রের হাল প্রযুক্তিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি তোলার নানা উপকরণ ছিল সিপিপ্লাস প্রদর্শনীতে। ছবি: লেখক
ছবি তোলার নানা উপকরণ ছিল সিপিপ্লাস প্রদর্শনীতে। ছবি: লেখক

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির কল্যাণে বিশ্বের চেহারা অনেকটাই পাল্টে গেছে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু বা কনটেন্টের এই দুনিয়ায় এখন সব ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে ছবি। একদিকে যেমন ডিজিটাল ক্যামেরা পৌঁছে গেছে মানুষের হাতে হাতে, তেমনি ক্যামেরা এবং ইমেজিং শিল্পের প্রসারও হয়েছে আগের তুলনায় বহুগুণ। তাই এখন ছবির প্রদর্শনী ছাড়াও ক্যামেরা এবং ইমেজিং পণ্য ও সেবার প্রদর্শনীও বিশ্বজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বড় পরিসরেই। বিশ্বের এ রকমের প্রদর্শনীর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হলো ‘সিপি প্লাস ক্যামেরা অ্যান্ড ফটো ইমেজিং শো’। পণ্য ও সেবার বৈচিত্র্যেও সিপি প্লাস মুগ্ধ করে দর্শকদের। ক্যামেরানির্মাতা প্রতিষ্ঠান ক্যাননের পৃষ্ঠপোষকতায় জাপানের ইয়োকোহামা শহরে এবারের প্রদর্শনীতে এশিয়ার ছয়টি দেশের ২৪ জন সাংবাদিক অংশ নেন। ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রদর্শনী দেখে জানা হলো ডিজিটাল আলোকচিত্রের সাম্প্রতিক প্রযুক্তি সম্পর্কে। বাংলাদেশ থেকে আরও গিয়েছিলেন মোজাহেদুল ইসলাম (ইত্তেফাক), সাজ্জাদ ইবনে সাঈদ (দ্য ডেইলি স্টার) এবং ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের করপোরেট ও ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের প্রধান আজিম কাফি।

প্রদর্শনীতে অংশ নেওয়া এশিয়ার সংবাদকর্মী ও আলোকচিত্রীরা
প্রদর্শনীতে অংশ নেওয়া এশিয়ার সংবাদকর্মী ও আলোকচিত্রীরা

চার দিনের আয়োজন 
ক্যামেরা অ্যান্ড ইমেজিং প্রোডাক্ট অ্যাসোসিয়েশন আয়োজন করে প্রদর্শনীর। তবে বৈরী আবহাওয়ার কারণে তৃতীয় দিনের কর্মকাণ্ড অনেকটাই ব্যাহত হয়। তার পরও প্রদর্শনীতে ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত থেকেছেন। তাঁদের বড় একটি অংশই ছিলেন বিভিন্ন দেশের শৌখিন ও পেশাদার আলোকচিত্রী।
ক্যামেরা ও আলোকচিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠানই উপস্থিত ছিল সিপি প্লাসে। এর মধ্যে ছিল ক্যানন, নাইকন, সনি, ক্যাসিও, বেনকিউ, এপসন, ফুজিফিল্ম, ইমপ্রেস জাপান, অলিম্পাস, প্যানাসনিক, রিকো, স্যানডিস্ক, ফুজিৎসু, সিকো ইত্যাদি প্রতিষ্ঠান। প্রায় দেড় শ প্রতিষ্ঠান অংশ নেয় এ আয়োজনে।

.
.

প্রদর্শিত পণ্য ও সেবা 
আলোকচিত্রের সঙ্গে মানানসই এমন সব পণ্য এবং সেবাই দেখানো হয় এ আয়োজনে। এগুলোকে ভাগ করা হয়েছিল তিনটি বিভাগে। ছবি তোলার সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য ও সেবা নিয়ে ছিল ‘এক্সাইটমেন্ট অব শুটিং’ বিভাগে। এতে দেখানো হয়েছে ডিজিটাল ক্যামেরা, ফিল্ম ক্যামেরা, ক্যামকর্ডার, ফিল্ম, স্ক্যানার, মেমোরি কার্ড, টেলিস্কোপ, লেন্স, বিল্ট ইন ক্যামেরাসহ মুঠোফোনযন্ত্র ইত্যাদি। ছবি দেখা ও প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্ট পণ্য ও সেবা দেখানো হয়েছে ‘এক্সাইটমেন্ট অব ডিউয়িং’ বিভাগে। এতে ছিল প্রিন্টার, মাল্টিফাংশনাল প্রিন্টার, প্রজেক্টর, পর্দা, মনিটর, ফটো স্টোরেজ, প্রিন্টিং পেপার, কালি, অপটিক্যাল ড্রাইভ, ডিজিটাল ফটো ফ্রেম, স্লাইড শো করার যন্ত্র ইত্যাদি। ছবিকে নানা মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রযুক্তিও স্থান পেয়েছে ‘এক্সাইটমেন্ট অব কানেক্টিং’ বিভাগে। কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, মাল্টিমিডিয়া টার্মিনাল, ছবি রাখার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্রিন্ট সেবা ছিল এ বিভাগে।

ক্যাননের নতুন পণ্য 

সিপি প্লাসের প্রদর্শনীতে ক্যাননও দেখিয়েছে নতুন মডেলের ডিজিটাল ক্যামেরা, ক্যামকর্ডার, প্রিন্টার এবং অন্যান্য পণ্য। এসব পণ্য আগামী কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। আজিম কাফি জানান, বাংলাদেশের বাজারে নতুন এ পণ্যগুলো পাওয়া যাবে শিগগিরই।
ক্যাননের নতুন পণ্যগুলোর মধ্যে শুরুতেই বলতে হয় ‘পাওয়ার শর্ট জি ১ এক্স মার্ক ২’-এর কথা। ১.৫ ইঞ্চি সিমোস সেন্সরের এই ক্যামেরা ১২.৮ মেগাপিক্সেল ছবি তুলতে পারে। পাওয়ারশট এসএক্স৭০০-এইচএস মডেলের ক্যামেরা পর্যটকদের জন্য উপযোগী। একই সিরিজের ডি৩০ মডেলটি আবার পানিরোধী, যা পানির ২৫ মিটার গভীরেও সমান দক্ষতায় কাজ করে। আর দৈনন্দিন ব্যবহারের জন্য বাহারি রঙে রয়েছে আইএক্সইউএস-১৫৫ এবং ১৪৫ মডেলের ক্যামেরা। ছবি তুলেই ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কয়েকটি ক্যামেরা দেখায় ক্যানন। এগুলোতে আছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। পাওয়ারশট এন ১০০ মডেলটিকে ক্যানন বলছে ‘দ্য নিউ স্টোরি ক্যামেরা’। এতে রিয়ার ফেসিং ক্যামেরাও রয়েছে। ফলে ছবি তোলার সময় আলোকচিত্রীর অভিব্যক্তিও ধারণ করা যায়।
ক্যাননের ‘এনহান্সিং বিউটি—দ্য ওয়ার্ল্ড অব আর্ট’ নামের বিশেষ জায়গায় আর্টপ্রিন্টের মাধ্যমে সুন্দর ছবি প্রকাশের অভিজ্ঞতাও পাওয়া যায়। এই আয়োজনে ক্যাননের প্যাভিলিয়ন জিতে নেয় সিপি প্লাস ২০১৪ গোল্ড পুরস্কার।
সব মিলিয়ে সূর্যোদয়ের দেশে এ আয়োজনে প্রযুক্তির নতুন রশ্মির দেখাই মিলেছে, যা বর্তমান ও আগামী দিনের ডিজিটাল আলোকচিত্র সম্পর্কে একটা দারুণ অভিজ্ঞতাই দিয়েছে।