
জাপানের পাঁড় গেমাররা অবশেষে তাদের হাতে সনির নতুন প্লেস্টেশন-৪ হাতে পেয়েছেন। গেম খেলার এই যন্ত্রটি পাওয়ার জন্য অনেকে দুই দিন আগে থেকে সনির দোকানগুলোর সামনে সারি বেঁধে দাঁড়িয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ছাড়ার পর গত ২০ ফেব্রুয়ারি রাতে জাপানের বাজারে প্লেস্টেশন-৪ ছাড়া হলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইতিমধ্যে এই প্লেস্টেশন ৫৪ লাখের বেশি বিক্রি হয়েছে।
জাপানের রাজধানী টোকিওর গিনজা এলাকায় সনির মূল ভবন থেকে সারিতে দাঁড়িয়ে থাকা প্রথম ১০০ জন গ্রাহকের কাছে প্লেস্টেশন বিক্রি করা হয়। প্রথম ক্রেতার উদ্দেশে সনি কম্পিউটার এন্টারটেনমেন্টের (এসসিই) অ্যান্ড্রু হাউস বলেন, এই শীতে আমাদের পণ্য কিনতে আসায় আপনাকে অনেক ধন্যবাদ। সারিতে দাঁড়িয়ে থাকা তথ্যপ্রযুক্তি প্রকৌশলী ৪৪ বছর বয়সী টেতসুয়া তামুরা বলেন, ‘আমি গেম খেলতে খুব ভালোবাসি। তাই এখানে এসেছি। আমার সঙ্গে আমার ছেলেও এসেছে। সেও গেম খুব ভালোবাসে।’ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্লেস্টেশন ব্যবহারকারীরা জানিয়েছেন, এতে গেম খেলে তাঁরা খুব আনন্দ পেয়েছেন। এর সিনেম্যাটিক গ্রাফিকস অনেক বেশি আনন্দময়। এর গতিও খুব বেশি। এতে করে খেলাও যায় খুব সহজে। প্লেস্টেশন-৪-এর বিক্রি ইতিমধ্যে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানকে ছাড়িয়ে গেছে। গত নভেম্বরে প্লেস্টেশনের-৪-এর সঙ্গে একই সময়ে এক্সবক্স ওয়ান বাজারে ছাড়া হয়েছে।
—এএফপি অবলম্বনে রোকেয়া রহমান