জাপানে বেসিস সদস্যদের ব্যবসায় সহযোগিতা দেবে জেট্রো

জাপানের বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ ও মানোন্নয়নে গুরুত্ব দেবে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ‘জেট্রো’। আজ মঙ্গলবার জেট্রো প্রতিনিধিদলের সঙ্গে বেসিস প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগকারীদের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানে অধিকসংখ্যক বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক, সেমিনারসহ নানা পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
জেট্রোর ঢাকা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন শামীম আহসান, রাসেল টি আহমেদ, উত্তম কুমার পাল।
বেসিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় দেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় নিজেদের বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণে আলোচনা হয়। আগামী ডিজিটাল ওয়ার্ল্ড ও বেসিস সফটএক্সপোতে জাপানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণসহ বেশ কয়েকটি কার্যক্রম গ্রহণে আশ্বস্ত করেছে জেট্রো।