জাপানে সিয়াটেক মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা গতকাল মঙ্গলবার জাপানে শুরু হয়েছে। রাজধানী টোকিওর কাছে চিবা শহরে কম্বাইন্ড এক্সিবিশন অব অ্যাডভান্সড টেকনোলজিস (সিয়াটেক) শীর্ষক এ মেলায় দুই লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকেরা আশা করছেন। ১৫টি দেশ ও অঞ্চলের প্রায় ৬০০টি প্রতিষ্ঠান মেলায় নতুন নতুন সব পণ্য এনেছে। জাপানের তোশিবা কোম্পানি মেলায় এনেছে বিশ্বের সবচেয়ে পাতলা ও হালকা ট্যাবলেট কম্পিউটার। এ ট্যাবলেট কম্পিউটারের মনিটর ১০ দশমিক ১ ইঞ্চি। এর পুরুত্ব ৭ দশমিক ৭ মিলিমিটার এবং ওজন ১৯ দশমিক ৫ আউন্স। ইলেকট্রনিকস সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মুরাতা ম্যানুফ্যাকচারিং এমন একটি দূরনিয়ন্ত্রণ যন্ত্র মেলায় এনেছে, যাতে কোনো বাটন নেই এবং এটি মোচড়ানো যায়। বাদ্যযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইয়ামাহা এনেছে তার টিএলএফ স্পিকারের একটি প্রটোটাইপ। স্পিকারটি খুবই পাতলা ও হালকা।জাপানের টেলিকম প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো এনেছে স্মার্টফোন, যা দুর্গন্ধ ও তেজস্ক্রিয়ার মাত্রা শনাক্ত করতে সক্ষম। জাপানে গত মার্চের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিপর্যয়ে সেখানে ব্যাপক আকারে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এর পর থেকে সেখানকার লোকজনের মধ্যে তেজস্ক্রিয়ার মাত্রা জানার ব্যাপক আগ্রহ তৈরি হয়। তাদের কথা মাথায় রেখেই এনটিটি ডোকোমো এই স্মার্টফোন তৈরি করেছে। ৮ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান