জাভা থেকে সাবধান!
সম্প্রতি কম্পিউটারে জাভা সফটওয়্যার ব্যবহার না করার পরামর্শই দিয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা। লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, জাভা সফটওয়্যার কম্পিউটারের জন্য নিরাপত্তা হুমকি হতে পারে। হ্যাকাররা এ সফটওয়্যার ব্যবহার করে তথ্য হাতিয়ে নিতে পারে।এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান এলিয়েনভল্ট ল্যাবসের পরিচালক জেমি ব্লাসকো জানিয়েছেন, ‘জাভা সফটওয়্যার একটি বিপত্তির নাম। এটা নিরাপদ নয়। কম্পিউটারে এ সফটওয়্যারটির ব্যবহার বন্ধ করে দিন।রয়টার্সকে তিনজন কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষক জাভা সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে সতর্ক হওয়ার কথা জানিয়েছেন।মূলত জাভা একটি প্রোগ্রামিংয়ের ভাষা। জাভা ইন্টারনেটে বহুল ব্যবহূত। এর মাধ্যমে ওয়েব ডেভেলপাররা তাঁদের তৈরি ওয়েবসাইট বিভিন্ন ব্রাউজারে দেখাতে পারেন। ২০১২ সালের আগস্ট মাসে ইউরোপের নিরাপত্তা গবেষকেরা জাভা সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করেন, যা হ্যাকারদের জন্য তথ্য চুরি করতে সহায়তা করছিল।কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞদের এ সতর্কবার্তার পর ওরাকলের জাভা সফটওয়্যারের পুরোনো সংস্করণটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে, গত রোববার জাভা সফটওয়্যারে আপডেট আনার ঘোষণা দিয়েছে ওরাকল। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, আপডেট আনার পরও নিরাপত্তা ঝুঁকি এখনো আছে।