জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আধুনিক ইন্টারনেট প্রযুক্তিযুক্ত কম্পিউটার ল্যাব চালু হয়েছে। ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের উদ্বোধন করেন। ইউনিসেফের কনজারভেন্সি এপ্রোচ কর্মসূচির আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলার একটি কক্ষে এ ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবে প্রত্যেক সেটে গ্রামীণ ইন্টারনেট সংযোগসহ ১৬ সেট কম্পিউটার, চারটি প্রিন্টার ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে। গত রোববার ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম আবদুল করিম, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ, ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী, ফারাহ গুল নিঝুম ও ইউনিসেফের ঢাকা বিভাগীয় প্রোগ্রাম অফিসার হীরা খানমসহ অনেকে। এই কম্পিউটার ল্যাবে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ও সাতটি উপজেলা পর্যায়ের সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ ও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দাপ্তরিক কাজের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের জন্য এই ল্যাব ব্যবহারের সুযোগ থাকছে। —মোস্তফা মনজু, জামালপুর প্রতিনিধি