জামালপুরে চলছে কম্পিউটার মেলা
‘আমরা ডিজিটাল জামালপুর গড়ব’—এ অঙ্গীকার নিয়ে জামালপুর জেলা শহরের শহীদ মিনারে গত শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা। জামালপুর জেলা কম্পিউটার অ্যাসোসিয়েশন (জেসিএ) এ মেলার আয়োজক। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে হলে সরকারের পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতি ও প্রযুক্তির উদ্যোক্তাদের গ্রাম পর্যায়ে কাজ করতে হবে। তিনি জামালপুরকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।জেসিএর সভাপতি শাহ জালালের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হোসেন, জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, জেসিএর সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ ইসলামসহ অনেকে। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় ১০টি স্টল রয়েছে। মেলায় কম্পিউটার সামগ্রী ও বিভিন্ন প্রযুক্তি পণ্য স্থান পেয়েছে। এ ছাড়া নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মেলামঞ্চে প্রতিদিন সেমিনারও থাকছে।মেলা শেষ হবে ৩১ মার্চ। —মোস্তফা মনজু, জামালপুর প্রতিনিধি