জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের জন্য কম্পিউটার ল্যাব চালু হয়েছে। জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার একটি ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেটে জামালপুর জেলার তথ্য বাতায়ন ওয়েব সাইটে ঢুকে ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবদুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক খান, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. রেজাউল করিমসহ অনেকে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাব প্রতিষ্ঠার জন্য এলসিডি মনিটরসহ সাতটি কম্পিউটার, দুটি প্রিন্টার, একটি ইউপিএস, সাতটি কম্পিউটার টেবিল সরবরাহ করেছে এই বিদ্যালয়ে। শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে দুটি ল্যাপটপ কম্পিউটার। বিদ্যালয়ের তহবিল থেকে একটি স্ক্যানার কেনা হয়েছে। ল্যাব বসানো হয়েছে বিদ্যালয়ের দোতলার একটি কক্ষে। বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম ও দিবা শাখার সহকারী শিক্ষক আতাউর রহমান কম্পিউটার ল্যাব পরিচালনা করবেন। কম্পিউটার ল্যাব চালু হওয়ায় ছাত্রীরা বেশ আনন্দিত। দশম শ্রেণীর ছাত্রী শাহজাদী সিলমা সুবাহ বলেন, ‘ল্যাব চালু হওয়ায় আমাদের ভালো লাগছে। আমরা কম্পিউটার শিখতে পারব। ইন্টারনেট থেকেও দরকারি তথ্য জানা যাবে।’ একই শ্রেণীর মোজাহিদা রহমান বলেন, ‘ল্যাব তো হলো। এখন আমাদের নিয়মিত সুযোগ দেওয়া হলে অবশ্যই অনেক কিছু শিখতে পারব। ল্যাবে ইন্টারনেটের মাধ্যমে সংবাদপত্র পড়তে পারব।’ শামছুল হক খান বলেন, ‘ল্যাব হওয়ায় একদিকে যেমন ভালো হলো। অন্যদিকে কিছু সমস্যাও মোকাবিলা করতে হবে। আমাদের শুধু কম্পিউটার দেওয়া হয়েছে। ল্যাব কক্ষ সংস্কারের জন্য কোনো তহবিল রাখা হয়নি। আমরা বিদ্যালয়ের তহবিল থেকে কক্ষ সংস্কার, অন্যান্য আসবাব ও বিদ্যুতের ব্যবস্থা করেছি। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া খুবই জরুরি।’ —জামালপুর প্রতিনিধি