জার্নি বাই মোটরওয়ালা রিকশা
ঢাকা শহরে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মোটরওয়ালা রিকশা। তাই এখন বাধ্য হয়েই আরোহণ করতে হয় এসব রিকশায়। আর তখনই ঘটে নানান স্বাদের ঘটনা।
লেখা: ইকবাল খন্দকার
ঘটনা ১

তখন সবে মোটরওয়ালা রিকশা চলতে শুরু করেছে। তবে তখনো আমার সামনে পড়েনি। তাই আমি এসব রিকশার যাত্রীও হইনি, এগুলো সম্পর্কে জানিও না। এমনকি কারও মুখে মোটরওয়ালা রিকশার নামও শুনিনি। একদিন আজিজ সুপার মার্কেটের মোড় থেকে মোহাম্মদপুর আসার সময় একটা রিকশায় উঠলাম। রিকশাটায় ওঠার পর মনে হলো, আমি পঙ্খিরাজ ঘোড়ায় উঠেছি। বাপরে বাপ, সে কী গতি! কিছুদূর এগোতেই গতিরোধ করে দাঁড়াল ট্রাফিক পুলিশ। লাঠি উঁচিয়ে বলল, মেইন রোড দিয়ে নাকি মোটরওয়ালা রিকশা চালানো নিষেধ। আমি তখন ‘মোটরওয়ালা’ রিকশা কী জিনিস না জানার কারণে পুলিশ যখন চোখ রাঙিয়ে বলল মোটরওয়ালা রিকশা সামনে এগোতেই দেবে না, তখন হাতের ব্যাগটা ছুড়ে ফেলে দিলাম। উল্লেখ্য, আমার হাতের ব্যাগে তখন কয়েক প্যাকেট মটরভাজা ছিল। আমি ‘মোটর’কে ‘মটর’ মনে করেছিলাম তো!

ঘটনা ২
যখনকার ঘটনা, তখন আমি মোটরওয়ালা রিকশার উপকারিতা সম্পর্কে জেনে গেছি। তাই জরুরি কোনো কাজে যাওয়ার সময় মোটরওয়ালা রিকশা ছাড়া উঠি না। এই রিকশায় উঠলে ২০ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে যাওয়া যায়, অন্য রিকশায় কেন উঠব! একদিন খুব গুরুত্বপূর্ণ একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এক-দুই মিনিট বিলম্ব হলে অপমানিত হতে হবে। আমি বাসা থেকে বের হয়েই মোটরওয়ালা রিকশা খুঁজতে লাগলাম। ভাগ্য ভালো, বেশিক্ষণ খুঁজতে হলো না। আমি আরাম করে বসে রিকশাওয়ালাকে ফুলস্পিডে চালাতে বললাম। ফাঁকা রাস্তা, সমস্যা কী! রিকশাওয়ালা ফুলস্পিডেই চালাল, তবে কয়েক কিলোমিটার সামনে গিয়ে থেমে গেল। থামল তো থামল, একেবারে সিট থেকে নেমে গেল। কী হয়েছে জিজ্ঞেস করতেই বলল—আগে পা দিয়া প্যাডেল মারতাম, কোনো সমস্যা হইত না। এখন পা খালি ঝোলায়া রাখি তো, তাই পায়ে ঝিঞ্জি ধরছে। কিছুক্ষণ অপেক্ষা করেন। ঝিঞ্জিটা ছাড়লেই আবার ইস্টার্ট দিমু।

ঘটনা ৩
বাসা থেকে সেদিন মতিঝিলের দিকে যাচ্ছিলাম। যথারীতি বাহন ছিল মোটরওয়ালা রিকশা। আরামপ্রিয় মানুষ হিসেবে আমি আবার পায়ের ওপর পা না তুলে বসতে পারি না। কিন্তু সেদিন বসতে পারছিলাম না রিকশার অবকাঠামোগত সমস্যার কারণে। রিকশাটা ভাঙা বা নড়বড়ে ছিল, তা না। তবে একটা রশি টানা ছিল। রশিটার এক মাথা ছিল ডান পাশের হুডে বাঁধা, অন্য মাথা বাঁ পাশের হুডে। যে কারণে রশিটা আমার বুকে লাগছিল। রিকশাটা যখন একটু বেশি দুলছিল, তখন রশির ঘষায় বুকের চামড়া ছিলে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। প্রথমে কিছুক্ষণ এই যন্ত্রণা আমি মুখ বুজে সহ্য করলেও, সহ্যের যেহেতু সীমা থাকে, তাই একসময় প্রতিবাদ জানালাম। বললাম, ‘এক্ষুনি এই ঘোড়ার ডিমের রশি খুলে দাও।’ রিকশাওয়ালা খেপে গিয়ে বলল, ‘এই মিয়া, আপনে কিসেরে ঘোড়ার ডিমের রশি কইতাছেন? এইটা রশি না, সিট বেল্ট। সিট বেল্ট না থাকা অবস্থায় মোটরওয়ালা রিকশা এক্সিডেন হইলে উইড়া গিয়া বডারে পড়বেন।’