জার্মানি-পাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মনে পড়ে ১৯৯০ সালের বর্ষাকাল। বিশ্বকাপ চলছে ইতালির মাঠে। রফিক ছিল জার্মানি-পাগল। জার্মান দল নিয়ে কটুকথা বললেই রফিক খেপে যেত।
সেদিন টিপটিপ বৃষ্টি পড়ছিল। আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানির ফাইনাল খেলা। ম্যাচ শুরু হবে রাত দেড়টায়। আমরা রাত ১০টার দিকে রওনা হলাম আকমত চেয়ারম্যানের বাড়ি। সেখানে বহু লোকের ভিড়। উঠানে ছোট্ট টেলিভিশনটা দূর থেকে তেমন ভালো দেখাও যাচ্ছিল না। তবু হইহুল্লোড় করে টেলিভিশনের দিকে অপলক তাকিয়ে ছিলাম সবাই। কেউ হাততালি দিয়ে লাফিয়ে উঠছিল, কেউ আবার হতাশায় মাথা নত করছিল। খেলা শেষে পশ্চিম জার্মানি জয়ী হয় ৩-০ গোলে। পছন্দের দল জয়ী হয়েছে, রফিকের আনন্দ আর ধরে না।
দীর্ঘ সময়ের বৃষ্টিতে ততক্ষণে রাস্তায় হাঁটুপানি, আমরা কাপড় গুটিয়ে পানিতে নামলাম। কিছুদূর গিয়েই রফিক হঠাৎ ঢুলতে ঢুলতে পানিতে পড়ে গেল। পরে জানলাম, ওকে সাপে কামড়েছে। তাড়াহুড়ো করে ওকে নেওয়া হলো ওঝার বাড়ি। ওঝা কিছুই করতে পারল না। রফিকের মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। নীলাভ হাসিমুখটা কী যেন বলতে চাইছিল, কিন্তু বলার শক্তি হারিয়ে ফেলেছিল অনেক আগে। রফিক সে রাতেই মারা যায়।
ক্ষুদিরাম শর্মা, বন্যাকান্দি, সিরাজগঞ্জ