জার্মানিতে অ্যাপলের বিরুদ্ধে মটোরোলার জয়
জার্মানিতে পেটেন্ট যুদ্ধে অ্যাপলের বিরুদ্ধে জয় পেয়েছে মটোরোলা-মোবিলিটি। সম্প্রতি এক প্রতিবেদনে বিবিসি অনলাইন জানিয়েছে, জার্মানের একটি আদালত আইফোন ও আইপ্যাডের একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে মটোরোলার পক্ষে রায় দেওয়ায় কার্যত এখন অ্যাপলকে আইফোন ও আইপ্যাড থেকে সেই অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলতে হবে অথবা জার্মানিতে এই অ্যাপ্লিকেশনযুক্ত পণ্য বিক্রি বন্ধ করতে হবে।অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট আইন ভঙ্গের অভিযোগ তুলে অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা-মোবিলিটি জার্মান আদালতে মামলা করে।এ ব্যাপারে মটোরোলার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপলের পেটেন্ট ভঙ্গের বিরুদ্ধে তাদের ধারাবাহিক লড়াইয়ের ফল এটি।অ্যাপল এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবে বলে জানিয়েছে।আদালতের এই রায়ের পর মটোরোলা আইফোন ও আইপ্যাড থেকে এই অ্যাপ্লিকেশনটি প্রত্যাহার করে নেওয়া অথবা জার্মানিতে আইফোন ও আইপ্যাডের বিক্রি বন্ধ করে দেওয়ার ব্যাপারে চেষ্টা চালাবে। মটোরোলার সেই প্রচেষ্টা বিশ্বব্যাপী পেটেন্ট লড়াইকে আরও উসকে দেবে বলে মনে করা হচ্ছে।