জার্মানিতে মুঠোফোন হ্যাকিং
জার্মানির একটি নিরাপত্তা সংস্থার অনুসন্ধানে দেশটিতে সংঘটিত কিছু মুঠোফোন হ্যাকিংয়ের ঘটনা উঠে এসেছে।জার্মানির বার্লিন থেকে প্রকাশিত একটি পত্রিকা গতকাল বুধবার জানিয়েছে, নিরাপত্তা সংস্থাটির অনুসন্ধানে সেখানে অব্যাহত মুঠোফোন হ্যাকিংয়ের ঘটনা উঠে এসেছে।হ্যাকাররা সাধারণত জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসের (জিপিআরএস) মাধ্যমে একজন মুঠোফোন ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহার, বিভিন্ন ই-মেইল ও অন্যান্য কার্যক্রম খুব সহজেই দেখতে পারে। নিরাপত্তা প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো ব্যাপারটি নিয়ে হ্যাকারদের একটি সংগঠনের সঙ্গে বৈঠকও করেছেন। সেই বৈঠকের অভিজ্ঞতা থেকে তিনি জানান, এই হ্যাকাররা অবশ্য যেসব মুঠোফোন সেটে ইউএমটিস প্রযুক্তি রয়েছে, সেগুলো হ্যাক করতে পারে না। তবে বিভিন্ন এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের টোল পদ্ধতি হ্যাকাররা এই জিপিআরএসের মাধ্যমে হ্যাক করতে পারে—যেটা সবচেয়ে উদ্বেগের বিষয়। এ ছাড়া তিনি বলেন, অ্যাপলের আই প্যাড, আই ফোন প্রভৃতি অত্যাধুনিক প্রযুক্তিও এই জিপিআরএস দিয়ে অনেক দুর্গম অঞ্চল থেকে হ্যাক করা যায়। রয়টার্স।