জার্মানিতে ‘পুশ’ বন্ধ করল অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মটোরোলা মোবিলিটির সঙ্গে পেটেন্ট নিয়ে এক মামলার কারণে জার্মানিতে আইক্লাউড ও মোবাইল মি সার্ভিসের পুশ ই-মেইল নোটিফিকেশন সার্ভিসটি বন্ধ করেছে অ্যাপল। পেটেন্ট মামলায় জার্মানির আদালত মটোরোলার পক্ষে রায় দিলে অ্যাপল এই সার্ভিসটি বন্ধ করতে বাধ্য হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য দিয়েছে।অ্যাপলের পুশ ই-মেইল সার্ভিস ব্যবহার করে আইফোন, আইপড ও আইপ্যাডে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ আপডেট পাওয়া যায়। অবশ্য এই সার্ভিসটি বন্ধ করার পর অ্যাপল জানিয়েছে, পুশ ই-মেইল সার্ভিসটি বন্ধ হলেও অ্যাপল ডিভাইসে সেটিংস পরিবর্তন করে ই-মেইল ব্যবহারের সুযোগ থাকছে। অবশ্য আইফোন, আইপড ও আইপ্যাডের মোবাইল মি ও আইক্লাউড ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়লেও ম্যাক মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ ব্যবহারকারীদের এ নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। মামলায় হেরে যাওয়ার পর অ্যাপল তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, অ্যাপল মনে করে পুশ ই-মেইল সার্ভিসটি নিয়ে পেটেন্টের কোনো ঝামেলা নেই। তাই এ বিষয়টি নিয়ে আবারও আপিল করবে তারা।