জার্মানির গণতন্ত্র পরিক্রমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লিনের রাইখস্ট্যাগ ভবনে বসে জার্মানির পার্লামেন্ট অধিবেশন। ছবি: রয়টার্স
বার্লিনের রাইখস্ট্যাগ ভবনে বসে জার্মানির পার্লামেন্ট অধিবেশন। ছবি: রয়টার্স

নির্বাচনের আর মাত্র এক সপ্তাহের কিছু বেশি বাকি। কিন্তু জার্মানির কোথাও তথাকথিত ‘ভোটের উত্তাপ-উত্তেজনা’ খুঁজে পাওয়া কঠিন। মাইকের আওয়াজ নেই, রাস্তাঘাটে যত্রতত্র পোস্টার-ব্যানার-লিফলেটের বালাই নেই। দেয়ালে দেয়ালে চিকা তো চিন্তাও করা যায় না। বিশ্বগ্রামে পরিণত হওয়া আজকের দুনিয়ায় চর্মচক্ষে না দেখলেও টিভি আর ইন্টারনেটের কল্যাণে উন্নত বিশ্বের নির্বাচনের এ ছবিটা আজকাল অনেকেরই চেনা।
প্রত্যেক রাষ্ট্রের এবং সমাজের গণতান্ত্রিক পরিক্রমার মূল আলোচনা বা পদ্ধতি দেশজ হয়। অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে ধাপে ধাপে তা এগিয়ে যায়। কিন্তু জার্মান জাতির কপালে ১৯৪৫ সালের আগে পর্যন্ত তা ঘটেনি। রাষ্ট্রবিজ্ঞানী বা ঐতিহাসিকেরা কেউ কেউ সময়টিকে আরও এগিয়ে ১৯৯০ সালে জার্মানির নতুন ঐক্য প্রক্রিয়ার পর থেকে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের সময় বলে উল্লেখ করেন।
উনিশ শতকের প্রথম থেকেই জার্মান রাজনীতিতে দুটি প্রশ্ন প্রধান হয়ে দেখা দিয়েছিল—এগুলো হচ্ছে জার্মান জাতির ঐক্য ও গণতন্ত্র। ১৮০২ সালে দর্শনশাস্ত্রের বিশ্বখ্যাত অধ্যাপক ফ্রিডরিশ হেগেল ইয়েনা শহরে প্রথম জার্মান সংবিধান লিখে খ্যাতি অর্জন করেন। সেই সময় জার্মান বুদ্ধিজীবীদের সময়োপযোগী নীতিনির্ধারণ এবং সম্মিলিত বিপ্লব জার্মান জাতিকে ফরাসি রণনায়ক নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে লড়তে সাহস জুগিয়েছিল।

উদারপন্থীদের ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিকতায় ১৮৪৮ সালে জার্মানির ছোট রাজ্যগুলো অর্থনৈতিক স্বার্থে ঐক্যের পথে পা দেয়। ফ্রাঙ্কফুর্টের সেন্ট পলস গির্জায় জার্মান পার্লামেন্টের প্রথম অধিবেশন বসেছিল। এই পার্লামেন্টই জার্মানদের স্বশাসনের প্রথম প্রচেষ্টা। সেই পার্লামেন্টের রাজনৈতিক উদ্দেশ্য সফল না হলেও এই প্রচেষ্টা এবং বিপ্লবের প্রভাব সুদূরপ্রসারী হয়েছিল।

১৮৭০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা দ্বিতীয় জার্মান সাম্রাজ্যের সম্রাট কাইজার ভিলহেলমের নিযুক্ত চ্যান্সেলর অটো ফন বিসমার্ক জার্মান সাম্রাজ্যের একত্রীকরণ ঘটিয়েছিলেন ১৮৭১ সালের ১৮ জানুয়ারি। তবে গণতন্ত্রের পথে না গিয়ে সংসদীয় প্রথা ভেঙে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এই রক্ষণশীল রাজনীতিক।

এরপর আসে ভাইমার রিপাবলিক। জার্মান জাতির ইতিহাসে ভাইমার প্রজাতন্ত্রের গঠন একটি উল্লেখযোগ্য দিক। জার্মান কবি-সাহিত্যিক-দার্শনিকদের তীর্থভূমি মধ্য জার্মানির ভাইমার শহরকে ঘিরে মানবিকতাবাদী ও উদারপন্থীদের সমন্বয়ে এই প্রজাতন্ত্র ১৯১৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত ভালোভাবেই চলেছিল। তবে প্রজাতন্ত্রটি প্রতিষ্ঠার আগে রাজতন্ত্রীদের রাজ্য জয়ের আকাঙ্ক্ষা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। পাশাপাশি জার্মানি তথা গোটা ইউরোপের শিল্পায়নের সঙ্গে সঙ্গে গড়ে ওঠা শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে মালিকপক্ষের স্বার্থের দ্বন্দ্বে দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়। প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪-১৯১৮) জার্মানির পরাজয়ের পরেও ভার্সাই চুক্তির কারণে জার্মান প্রগতিবাদীরা ভাইমার প্রজাতন্ত্র গঠনে সক্ষম হয়েছিলেন। ভাইমারে ১৯১৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়। ৩১ জুলাই রচিত হয় সংবিধান। ১৯২০ সালে জাতীয় পার্লামেন্ট বার্লিন ফিরে যায়।

ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ফ্রিডরিশ এবার্ট ১৯২৫ সাল পর্যন্ত আমৃত্যু তাঁর পদে বহাল ছিলেন। এবার্টের মৃত্যুর পর প্রগতিশীল সামাজিক গণতন্ত্রী ও বামদের অনৈক্যের পথ বেয়ে রক্ষণশীল ও নাৎসিদের প্রার্থী সাবেক ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ১৯৩৩ সালে ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গের হাত ধরেই অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন।

হিটলার ক্ষমতায় আসার পর জার্মানসহ ইউরোপজুড়ে শুরু হয়ে যায় ফ্যাসিবাদী তাণ্ডব। একপর্যায়ে বেধে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে অগণিত মৃত্যু আর অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের পর ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। পরাজিত জার্মান জাতি ও দেশ বিভক্ত হয়ে যায় পূর্ব আর পশ্চিমে—সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী অর্থনৈতিক সামাজিক ব্যবস্থায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু জার্মান জাতি আর রাষ্ট্রকাঠামোকেই ভাঙেনি, এই যুদ্ধ ইউরোপীয় জাতিগুলোর মধ্যে জন্ম দিয়েছিল অবিশ্বাস আর অনৈক্যের। তবে বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মান রাজনীতিকদের মধ্যে সুশৃঙ্খল হওয়ার প্রবণতা তথা যুক্ত ইউরোপ গড়ার আন্তরিক প্রচেষ্টা এই জাতি সম্পর্কে পুরোনো ভাবনা পাল্টে দিতে অনেকটা সহায়ক হয়। বিভেদের প্রতীক বার্লিন প্রাচীর পতনের পর ১৯৯০ সালের ৩ অক্টোবর জার্মান জাতির পুনরেকত্রীকরণ ঘটে।

এ ইতিহাস টেনে আনা এ কারণেই যে গত শতাব্দীতে দুটি মহাযুদ্ধ করে পরাজিত হওয়া একটি জাতি দীর্ঘদিন সারা বিশ্বের কাছে একঘরে থেকেও অর্থনৈতিক আর রাজনৈতিক রূপান্তরের মাধ্যমে মাথা তুলে দাঁড়িয়েছে। এ অর্জন বিশ্ববাসীর উপলব্ধি আর অভিনন্দনের দাবি রাখে।

২২ সেপ্টেম্বর জার্মানির পার্লামেন্টের আঠারতম নির্বাচন। ৬২২টি আসনের মধ্যে ২৯৯টিতে প্রার্থীরা সরাসরি নির্বাচন করবেন। আর বাকি আসনগুলোতে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর পাওয়া ভোটের অনুপাতের ভিত্তিতে তাদের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হবেন। জার্মানির পার্লামেন্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী কোনো দল মূল ভোটের পাঁচ শতাংশ ভোট না পেলে পার্লামেন্টে প্রবেশ করতে পারে না।

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত দুটি রাজনৈতিক দল সামাজিক গণতন্ত্রী এবং ক্রিশ্চিয়ান গণতান্ত্রিকরাই ঘুরেফিরে দেশ শাসন করে আসছে। তবে সরকার গঠনে ছোট দলগুলো যেমন উদার গণতান্ত্রিক দল, পরিবেশবাদী গ্রিন পার্টি, বাম দল বা ব্যাভেরিয়া প্রদেশের ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের মতো দলের সহায়তা বেশির ভাগ সময়ই প্রয়োজন হয়েছে।

বিশ্বযুদ্ধোত্তর জার্মান সমাজ ও রাজনীতিকেরা প্রমাণ করেছেন, ঐক্য ও রক্তপাতহীন পথেই খুঁজতে হয় গণতন্ত্র আর অর্থনৈতিক মুক্তির পথ। এভাবেই জার্মান জাতি আর দেশ বিশ্বের মানুষের কাছে নতুন মহিমায় উদ্ভাসিত হয়েছে।