জালসফটওয়্যার তৈরির দল ধরতে অভিযান
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জাল নিরাপত্তা সফটওয়্যার তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছে। চক্রটি নকল সফটওয়্যার বিক্রি করে সাত কোটি ২০ লাখেরও বেশি ডলার আয় করেছে। নকল এসব সফটওয়্যার ‘স্কেয়ারওয়্যার’ নামে পরিচিত। এ চক্রের সদস্যদের ধরতে এফবিআই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়া আরও ছয়টি দেশে অভিযান চালাচ্ছে। অভিযানে এফবিআইয়ের সদস্যরা নকল সফটওয়্যার তৈরির কাজে ব্যবহূত ৪০টি কম্পিউটার জব্দ করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি। এ চক্রের সদস্যরা একটি ওয়েবসাইটের মাধ্যমে লোকজনকে এসব সফটওয়্যার ব্যবহার করতে প্রলুব্ধ করছে। প্রায় ১০ লাখ কম্পিউটার ব্যবহারকারী এসব জাল নিরাপত্তা সফটওয়্যার তাঁদের কম্পিউটারে ইনস্টল করেছেন। প্রতিটি সফটওয়্যার ইনস্টলের জন্য কম্পিউটার ব্যবহারকারীকে দিতে হয়েছে ১২৯ ডলার। কেউ এই সফটওয়্যার ডাউনলোড করেছেন, কিন্তু দাম পরিশোধ করেননি—তখন তাঁর কম্পিউটার স্ক্রিনে বারবার দাম পরিশোধ করার জন্য তথ্য আসতে থাকে। এফবিআইয়ের সদস্যরা এই চক্রের সদস্যদের ধরতে আরও চারটি দেশে অভিযান চালাবেন। এ অভিযান নকল সফটওয়্যার তৈরি রোধে ‘অপারেশন ট্রাইডেন্ট ট্রাইব্যুনাল’ শীর্ষক আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান