জাহাঙ্গীরনগরে প্রশাসনিক ভবন অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে রেখেছেন শিক্ষক সমিতির সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে তাঁরা এ অবরোধ করেন।
উপাচার্য তাঁর কার্যালয়ে আজ না এলেও অবরোধের মুখে কার্যালয়ে ঢুকতে না পেরে ফিরে গেছেন সহ-উপাচার্য আফসার আহমেদ।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জানান, আজ বিকেল চারটায় সিন্ডিকেট সভাও হতে দেওয়া হবে না।
গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া, ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়া, শিক্ষকদের ক্ষতিপূরণ না দেওয়ায় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৭ এপ্রিল অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরই মধ্যে ১৮ মে থেকে মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। ছুটি শেষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললেও অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। গত ১৩ মে শিক্ষক সমিতির সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, গতকালও কর্মবিরতি অব্যাহত ছিল।
গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. আনোয়ার হোসেনের অধীনে আর কোনো প্রশাসনিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।