জাহাঙ্গীরনগরের বিষয়ে তদন্ত কমিশন গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি উত্তরণে একটি তদন্ত কমিশন গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এম মহিবুর রহমানকে আহ্বায়ক করে এ কমিশন গঠন করা হয়েছে। এর সদস্য হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আহসানুল জব্বার।
কমিশনকে আজ থেকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর বাসভবনে বৈঠক করেন। সেখানে তদন্ত কমিশন গঠনের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিত্সার জন্য দেশের বাইরে থাকায় এত দিন এ কমিশন করা যায়নি।
আরও পড়ুন..... র্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ