জাহিদদের স্বপ্নের তহবিল

গুরুতর অসুস্থ ফ্রিল্যান্সার জাহিদুল ইসলামের চিকিত্সার খরচ দেবে বেসিস। বেসিস আউটসোর্সিং পুরস্কারজয়ী ফ্রিল্যান্সার জাহিদুলের চিকিত্সা ও ‘বেসিস ওয়েলফেয়ার ফান্ড’ সম্পর্কিত তথ্য জানাতে আজ কারওয়ান বাজারে অবস্থিত বেসিস মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসিস কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পলসহ বেসিসের কয়েকজন পরিচালক। এ সময় জাহিদুল ইসলাম ও তাঁর বাবাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম ‘স্কলিওসিস’ (মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া) রোগে ভুগছেন। তাঁর চিকিত্সার জন্য ৩০ লাখের বেশি টাকা প্রয়োজন। জাহিদুল ইসলামের চিকিত্সায় সাহায্যের জন্য বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তাঁর চিকিত্সায় এগিয়ে এসেছেন বেসিসের সদস্যরা। তাঁকে ৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।
ফ্রিল্যান্সারদের মধ্যে যাঁরা শারীরিকভাবে অক্ষম তাঁদের সহায়তার জন্য এগিয়ে এসেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ বৃহস্পতিবার ‘বেসিস ওয়েলফেয়ার ফান্ড’ নামের একটি সহায়তা তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বেসিসের সভাপতি শামীম আহসান। শারীরিকভাবে অক্ষম ফ্রিল্যান্সারদের সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
বেসিসের সভাপতি শামীম আহসান জানান, ‘জাহিদুল প্রতিবন্ধকতাকে জয় করে নিজের কর্মসংস্থান করেছেন। তিনি শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখছেন। কিন্তু স্কলিওসিসে আক্রান্ত হয়ে তাঁর মেরুদণ্ড ৫৫ ডিগ্রি বাঁকা হয়ে গেছে। জাহিদুলের চিকিত্সায় অনেক অর্থের প্রয়োজন। তাঁর চিকিত্সায় এগিয়ে এসেছে বেসিস।
রাসেল টি আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির সঙ্গে জড়িত মানুষের পাশে বেসিস সব সময় আছে। জাহিদকে অর্থ সাহায্যের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সাহায্যও দিচ্ছে বেসিস। ভবিষ্যতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও যাতে নিজেরা কর্মসংস্থান করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাঁদের সহায়তায় ‘বেসিস ওয়েলফেয়ার ফান্ড’ তৈরি হচ্ছে। এই ফান্ড থেকে প্রথম সাহায্য পাচ্ছেন জাহিদুল।’
সংবাদ সম্মেলনে জাহিদ তাঁর ফ্রিল্যান্সার হয়ে ওঠা ও জীবনসংগ্রামের কথা শোনান। যাঁরা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে যেতে চান, তাঁদের স্বপ্ন দেখানোর কথা বলেন বেসিসের বর্ষসেরা এই ফ্রিল্যান্সার।