জি-মেইল অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা!
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, চীনের সাংবাদিকসহ কয়েক শ জি-মেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে হ্যাকাররা। বিশ্বের সর্ববৃহত্ ইন্টারনেট কোম্পানি গুগল ইনকরপোরেশন জানিয়েছে, চীনের জিনান শহর থেকে হ্যাকাররা এই ই-মেইল অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করত এবং পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করে। কিন্তু গুগল বিষয়টি শনাক্ত করে হ্যাকারদের এই চুরি ঠেকাতে সক্ষম হয়। তবে হ্যাকারদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।এটিই কম্পিউটারে হামলার সর্বশেষ কোনো ঘটনা এবং গুগলে এক বছর পর এ ধরনের হামলা হলো। চীনে এর আগেও ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে সময় গুগল চীনে তাঁদের সেবা বন্ধ করে দিয়েছিল।হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর রয়টার্সকে জানান, গুগলের এই অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তবে এখনো কোনো হোয়াইট হাউস কর্মকর্তার অ্যাকাউন্ট হ্যাকের খবর পাওয়া যায়নি।