জিএনইউয়ের ৩০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিএনইউয়ের ৩০ বছর পূর্তি
জিএনইউয়ের ৩০ বছর পূর্তি

বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে মুক্ত অপারেটিং সিস্টেম জিএনইউয়ের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান। আন্তর্জাতিকভাবে এ উৎসব পুরো সেপ্টেম্বর মাস ধরেই চলছে। তবে ২৮ ও ২৯ আনুষ্ঠানিকভাবে তিন দশক পূর্তি উৎসব পালন করা হয় বিভিন্ন দেশে। গতকাল রোববার বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক (ওকেএফএন) বাংলাদেশ যৌথভাবে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিডিওএসএন কার্যালয়ে ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা ও আড্ডা।অনুষ্ঠানে বলা হয়, মুক্ত সফটওয়্যারের আন্দোলনের শুরুর দিকেই শুরু হয় জিএনইউর যাত্রা। জিএনইউ থেকেই পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ নানা অপারেটিং সিস্টেম তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ওকেএফএনের বাংলাদেশ দূত নুরুন্নবী চৌধুরী, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ চৌধুরীসহ অনেকে।
গত শনিবার ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন (এফওএসএস) কক্সবাজারের সানিবিচ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজন করে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ছিল উন্মুক্ত প্রযুক্তি, ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে নানা রকম ভিডিওচিত্র প্রদর্শনী, মত বিনিময়, লিনাক্স সংস্করণগুলো বিতরণ ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমি আইটির কক্সবাজার শাখা ব্যবস্থাপক আইরিন সুলতানা, কক্সবাজার প্রফেশনাল অনলাইন কমিউনিটির সভাপতি মো. রিয়াজ উল্লাহ, এফওএসএসের মহাসচিব সাজেদুর রহিমসহ একমি আইটির শিক্ষকেরা।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় জিএনইউর যাত্রা। জিএনইউ শুরুর ফলে সারা বিশ্বেই তৈরি হয়েছে মুক্ত সফটওয়্যার আন্দোলন। এ আন্দোলন থেকে একটি প্রকল্প শুরু করেন মুক্ত সফটওয়্যারের জনক রিচার্ড স্টলম্যান। আর এ জিএনইউ প্রকল্পের আওতায় চালু হয় জিএনইউ অপারেটিং সিস্টেমটি। আয়োজনের বিস্তারিত জানা যাবে www.gnu.org/gnu30 ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক